সাধারণ মানুষের দুর্ভোগের কথা মনে করে মাননীয়া মুখ্যমন্ত্রী নদিয়ায় টানা সাতদিনের লকডাউন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। আগামী ৮ থেকে ১৪ই আগস্ট করোনা পরিস্থিতি মোকাবিলায় নদিয়ার জেলাশাসক বিভু গোয়েল লকডাউনের ঘোষনা করেছিলেন। তবে এবার তা বাতিলের খাতায়।
করোনা সংক্রমণ ঠেকাতে বুধবার নদিয়া জেলা প্রশাসনের তরফে জেলার ৮টি পুরসভা এলাকা ও ৩০টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭ দিনের টানা লকডাউনের নির্দেশ জারি করা হয়। তবে তার পরের দিনই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘একসঙ্গে ২ দিনের বেশি লকডাউন করলে মানুষের অসুবিধা হয়।’ এরপরই সেখানে ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত বাতিল করে জেলা প্রশাসন।
যদিও বুধবারের ঘোষণার পরপরই সাত দিনের জন্য ওষুধ ও খাবার মজুত করতে এই করোনার আবহেও মানুষের ঢল চোখে পড়ল রাস্তায়। দোকান–বাজারে উপচে পড়া ভিড়। কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, চাকদা, কল্যাণীর একাধিক এলাকায় করোনার তোয়াক্কা না করেই মানুষ নিজেদের খাবার গোছাতে ব্যস্ত। ফলে লকডাউন ঘোষণা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে জেলা প্রশাসন। তবে ৭ দিন লকডাউন না হলেও ১৩ ও ১৪ আগস্ট নদিয়ার কিছু এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে নির্দিষ্ট করে সেখানে কড়া নজরদারী চালানো হবে।





