দিন দিন বেড়েই চলেছে শিশু মৃত্যুর সংখ্যা। ফের শিশু মৃত্যুর খবর এল বি সি রায় হাসপাতাল থেকে। আজ, শনিবার সকালে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হল ৩ শিশুর। এই নিয়ে গত আটদিনে রাজ্যে প্রাণ হারাল ৩৩ জন শিশু।
বি সি রায় হাসপাতালে মৃত তিন শিশুর মধ্যে একজনের বয়স মাত্র ২ মাস ১৫ দিন। নাম আরাধ্যা চট্টোপাধ্যায়। উত্তর ২৪ পরগণার হাতিয়ারার বাসিন্দা সে। জানা গিয়েছে, গত পাঁচদিন ধরে জ্বর, সর্দি, কাশি নিয়ে অসুস্থ ছিল শিশুটি। গতকাল, শুক্রবার বিকেলে তাকে ভর্তি করা হয় বি সি রায় হাসপাতালে। আজ, শনিবার সকাল ১১টা ১৫ নাগাদ মৃত্যু হয় শিশুটির।
মৃত শিশুর পরিবারের এক সদস্য বলেন, “এক দুমাস ধরে ভুগছিল। গৌরীবাড়িতে স্থানীয় ডাক্তার দেখাই। এরপর বাড়াবাড়ি হতেই শুক্রবার ভর্তি করি। আজকে সকালবেলা খবর এল বাচ্চা মারা গিয়েছে”।
এদিন বি সি রায় হাসপাতালে রায়ান গাজি নামে আরও এক শিশুর মৃত্যু হয়। তার বয়স ১১ মাস। দমদমে বাসিন্দা রায়ান। আজ সকাল দশটা নাগাদ মৃত্যু হয় তার। জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
অন্যদিকে, নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরও এক শিশুর। ওই শিশুর বয়স মাত্র ৬ মাস। কল্যাণীর বাসিন্দা সে। গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল ওই শিশু। কল্যাণী জেএনএম হাসপাতালে তাকে ভর্তি করা হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে গত ২৩ ফেব্রুয়ারি বি সি রায় হাসপাতালে নিয়ে আসা হয়। আজ ভোর চারটে নাগাদ মৃত্যু হয় শিশুটির।
এদিকে, লাগাতার এমন শিশু মৃত্যুর ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী এই বিষয়ে মুখ খুলতে রাজি হন নি। প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের উপর মেজাজ হারান তিনি। এমনকি, ক্যামেরা বাজেয়াপ্ত করে নেওয়ারও হুমকি দেন।





