বিবাহবার্ষিকীতে স্ত্রীকে আগেয়াস্ত্র উপহার, মেশিনগান হাতে রিল বানালেন তৃণমূল নেতার স্ত্রী, ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক

তৃণমূল নেতার স্ত্রীর হাতে মেশিনগান। আবার সেই মেশিনগান নিয়ে স্ত্রী রিল ভিডিও বানিয়ে দিলেন খোদ তৃণমূল নেতাই। জানা যাচ্ছে, বিবাহবার্ষিকীতে নাকি স্ত্রীকে এই আগেয়াস্ত্র উপহার দিয়েছেন তৃণমূল নেতা। সেই রিল ভিডিওকে ঘিরে তুমুল শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে। পুলিশি তদন্তের দাবী তুলেছেন বিরোধীরা।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। জানা গিয়েছে রামপুরহাটের ১ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিয়াজুল হক। বগটুই গ্রামের বাসিন্দা তিনি। গতকাল, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রিয়াজুল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রিল পোস্ট করেন সেখানে দেখা যায় রিয়াজুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন হাতে একটি স্বয়ংক্রিয় মেশিনগান ধরে রয়েছেন। এই ছবি ভাইরাল হতেই বীরভূমের রাজনীতিতে শোরগোল পড়ে যায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই রিল। বিতর্ক শুরু হতেই কিছুক্ষণের মধ্যে রিয়াজুল তাঁর অ্যাকাউন্ট থেকে রিলটি ডিলিট করে দেন।

সেই ভিডিওতে সেখানে দেখা গিয়েছে আগ্নেয়াস্ত্র হাতে চেয়ারে বসে আছেন ওই তৃণমূল নেতার স্ত্রী। স্বাভাবিকভাবেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “বগটুইয়ে এখনও প্রচুর অস্ত্র আছে। তালিবানি শাসন চলছে”। তবে এই ঘটনা নিয়ে কোনও মন্তব্যই করেননি ওই তৃণমূল নেতা।

অন্যদিকে, সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মণ বলেন, “পুলিশের অবিলম্বে তদন্তে নামা উচিত। ওই বন্দুক আসল কি নকল তা খতিয়ে দেখতে হবে”।

তৃণমূলের কী প্রতিক্রিয়া?

তবে তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যয়ের দাবী, ছবিতে খেলনা বন্দুক রয়েছে। বিরোধীরা রাজনীতি করার চেষ্টা করছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি রিয়াজুল হক। তিনি শুধু জানিয়েছেন ওই তৃণমূল নেতা অর্থাৎ রিয়াজুল হক বর্তমানে তৃণমূলের সভাপতি পদে নেই।

RELATED Articles