মধ্যশিক্ষা পর্ষদের পর এবার বামপন্থী সংগঠন মাধ্যমিকের টেস্ট পেপার। এবিটিএ অর্থাৎ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের টেস্ট পেপারেও প্রশ্ন রয়েছে ‘আজাদ কাশ্মীর’ নিয়ে। সেই নিয়ে বিতর্কের মুখে সংগঠন। এবিটিএ টেস্ট পেপারে এমন প্রশ্ন রয়েছে, তা কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তা নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক।
এবিটিএ-র মাধ্যমিকের টেস্ট পেপারের ৭২০ নম্বর পৃষ্ঠার ‘গ’ বিভাগের ৩.১৬ নম্বরে একটি প্রশ্ন রয়েছে যে ‘আজাদ কাশ্মীর কী?’ এটা কোনও স্কুলের পরীক্ষার প্রশ্ন নয়। মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত শিক্ষকরা ইতিহাসের প্রশ্নপত্র তৈরি করেন ও তা টেস্ট পেপারে সংকলিত হয়, সেই সব শিক্ষকদের প্রশ্ন এটি। এর থেকেই প্রশ্ন উঠেছে যে শিক্ষকদের একাংশ এমন ভুল ধারণা কীভাবে পোষণ করছেন আর শিক্ষার্থীদের থেকে সেই ভুল ধারণা নিয়ে প্রশ্নের উত্তরই বা আশা করেন কীভাবে তারা?
এই বিষয়ে রাজ্য সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, “আমাদের টেস্ট পেপারে একটা প্রশ্নে রয়েছে, আজাদ কাশ্মীর কী। ২ নম্বরের জন্য এই প্রশ্ন আছে। কিন্তু আমাদের বোর্ডের যে সিলেবাস, সেই সিলেবাসেও তো আজাদ কাশ্মীর আছে। সরকার যে বইটাকে অনুমোদন দিয়েছে, তাতেও তো আছে। সিলেবাসের মধ্যে যখন আছে, তার জন্যই যিনি প্রশ্ন করেছেন, তিনি এটা রেখেছেন। বোর্ড যখন সিলেবাস তৈরি করল, তখন তো সচেতন হওয়া উচিত ছিল। তবু আমি বলব, যেহেতু বিতর্কিত বিষয়, না থাকলেই ভাল হতো। আগামীদিনে প্রশ্ন আরও সতর্ক হওয়া দরকার”।
অন্যদিকে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের এই প্রসঙ্গে মত, “কাশ্মীরের যে অংশ নিয়ে বিতর্ক, পাকিস্তান যাকে আজাদ কাশ্মীর বলে, এবিটিএ’র টেস্ট পেপারে সেটা নিয়ে প্রশ্ন আছে বলে শুনলাম। আমরা মনে করি এটা ভুল। কারণ, আজাদ কাশ্মীর আমাদের দেশের কেউ বলেন না। এমনকী রাষ্ট্রসংঘও আজাদ কাশ্মীর বলে না। যে ভুলটা হয়েছে সেটা ভুলই”।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে ‘আজাদ কাশ্মীর’ নেই। পর্ষদের পাঠ্যবই প্রকাশ করেন, এমন ৩২ জন প্রকাশককে ইতিমধ্যে চিঠি দিয়ে সতর্ক করে বলা হয়েছে, ২১ দিনের মধ্যে শুধু ‘আজাদ কাশ্মীর’ নয়, পাঠ্যক্রম-বহির্ভূত সমস্ত অংশ চিহ্নিত করতে হবে এবং জনসমক্ষে জানিয়ে দিতে হবে যে, সেগুলো বাদ দেওয়া হচ্ছে”।
পর্ষদ-প্রধান আরও জানিয়েছেন যে সমস্ত বই ‘রিভিউ’ বা পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়েছে গত বছরের নভেম্বরে। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে সেই সব বই পর্যালোচনা করা হবে।





