সুন্দরবনের প্রধান আকর্ষণ কিন্তু আজও রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ধীরে ধীরে বাঘের সংখ্যা কমায় চিন্তায় ছিল বন দফতরের। কিন্তু এই করোনা আবহের মধ্যেই এবার বন দফতরে এল খুশির হাওয়া। বাংলায় বাড়ল বাঘের সংখ্যা। লকডাউনের জেরে একদিকে গৃহবন্দী হয়েই দিন কাটাচ্ছেন বিশ্ববাসী। তখনই নিজেদের খেয়াল খুশিতে মেতে উঠেছে পৃথিবীর নানান প্রান্তের বন্যপ্রাণীরা।
বুধবার বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, ‘সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল ৯৬। এ বছর ৮টি বাঘের সংখ্যা বৃদ্ধি হয়েছে।’
জানা গিয়েছে গত বছর যে বাঘসুমারি করা হয়েছিল তাতে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮। এ বছর রেকর্ড সংখ্যক হারে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬। আগে সর্বোচ্চ সাতটি বাঘ বেড়েছিল। বনমন্ত্রী জানান, সুন্দরবনে ট্র্যাপ ক্যামেরার সাহায্যে বাঘের গণনা হয়। প্রতিটি বাঘের গায়ে ডোরাকাটা দাগ দেখে বাঘ শনাক্ত করা হয়।
বনদফতর সূত্রে খবর বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা ২৩, বাঘিনী ৪৩, বাকি সবাই শাবক। মোট ১২০০টি ক্যামেরায় ধরা পড়েছে বাঘের ছবি। স্বাভাবিকভাবেই এই খবরে রাজ্যে খুশির হাওয়া এসেছে। যখন পৃথিবীতে বন্যপ্রাণী সংরক্ষণ করাই সমস্যা হয়ে গিয়েছে, তখন বাংলায় এই খবর অবশ্যই শান্তির।





