রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর এবার বেজায় চটল আদালত। বারবার চার্জশিটের কপি চাইছেন পার্থর আইনজীবী। আদালত সেই আবেদন একবার খারিজ করেছে। কিন্তু গতকাল, বুধবার ফের একই আবেদন জানান পার্থর আইনজীবী। এরপরই ক্ষুব্ধ হয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ১ হাজার টাকা জরিমানা করলেন আলিপুর আদালতের বিচারক।
এদিন ফের একবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাঁর সেই আর্জি এদিন ফের একবার খারিজ করে দেয় আদালত। আগামী ১১ই অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থকে।
উল্লেখ্য, দেড় বছরের বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতির জেরে গোটা বাংলা উত্তাল। এই নিয়োগ দুর্নীতিতে শাসক দলের তাবড় তাবড় নেতাদের নাম জরিয়েছে। এই ঘটনায় প্রথমে ইডি-র হাতে গ্রেফতার হয়ে জেলবন্দি হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে সিবিআইও গ্রেফতার করে তাঁকে। চার্জশিট তৈরি করা হলেও তা আদালত এখনও গ্রহণ করেনি।
গ্রেফতারির সময় পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ছিলেন। নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রীকে গ্রেফতার করতে হলে চার্জশিটে রাজভবনের অনুমোদনের প্রয়োজন। তবে সিবিআই চার্জশিট তৈরি করলেও তাতে অনুমোদন মিলছিল না রাজ্যপালের। সেই কারণে তা গ্রহণ করছিল না আদালত। বৃহস্পতিবার আদালতে সিবিআই জানাল, অবশেষে অনুমোদন দিয়েছে রাজভবন। এবার আদালতের পরবর্তী যা পদক্ষেপ করার তা করতে পারে।





