কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর রাজ্য পুলিশের ‘জুলুম’, সিবিআই সিটকে রক্ষাকবচ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর রাজ্য পুলিশ কোনও ধরণের কোনও ব্যবস্থা নিতে পারবে না, এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এও নির্দেশ দিয়েছেন যাতে মুখ্যসচিবের মাধ্যমে এই নির্দেশ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।

গতকাল, বুধবার শান্তনু শিট ও বাবলু পাল মামলায় সিটের প্রধান অশ্বিন সেনভিকে আদালতে আসতে বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি প্রশ্ন করেন, “আপনাকে বা আপনার টিমকে কী বাধার মুখে পড়তে হচ্ছে”?

এর জবাবে সেনভি বলেন, “হ্যাঁ। কুন্তলের অভিযোগের ভিত্তিতে কিছু ইস্যু তৈরি হয়েছে। অফিসারদের হয়রানি করা হচ্ছে”। বিচারপতি রাজ্যের সব দফতরকে নির্দেশ দেন কোনওভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরক্ত করা যাবে না।

এদিন বিচারপতি বলেন, “কলকাতা পুলিশকে কোনওভাবে এই তদন্তে নিয়োগ করিনি। তাই এই আদালতের অনুমতি ছাড়া সিবিআইয়ের সিটের অফিসারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়। যদি সেটা করা হয় তাহলে সেটা ব্যতিক্রমী হিসাবে ধরা হবে”।

জানা গিয়েছে, চার্জশিটে চারজন সাক্ষীর নাম দিয়েছিলেন সেনভি। অভিযোগ, বিচারক অর্পণ চট্টোপাধ্যায় ওই চার্জশিট বিকৃত করেন। এই শুনে বিচারপতি বেশ বিস্মিত হয়ে বলেন, “অবাক হচ্ছি। কেন এটা করা হল? সিবিআই জানিয়েছে এর পর কেউ মুখ খুলতে চায়নি। সাক্ষীদের গ্রেপ্তার করা যাবে না। সিবিআই বা ইডি ছাড়া কেউ গ্রেপ্তার করতে পারবে না। আদালত দুর্নীতির শিকড়ে পৌঁছতে চায়। তাই এই ব্যবস্থা”। এদিন প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নম্বর বিকৃতির প্রসঙ্গও তুলে ধরেন সেনভি।

RELATED Articles