বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে ফের একগুচ্ছ অ্যাডভাইসরি জারি রাজ্যের!

ফের অ‍্যাডভাইসারি জারি করল রাজ‍্য স্বাস্থ্য কমিশন। এবার এই অ্যাডভাইজারি জারি হয়েছে মূলত বেসরকারি হাসপাতালগুলির জন্য।

রাজ্য স্বাস্থ্য কমিশনের ওই অ্যাডভাইসরি জানাচ্ছে, করোনা সুরক্ষার নামে বাড়তি বিল ধরানো আর নয়। পিপিই-গ্লাভস-স্যানিটাইজারের নাম করে বাড়তি বিল দেওয়া বন্ধ করতে হবে। এই সমস্ত কিছু খরচের সর্বাধিক বিল হতে হবে ১ হাজার টাকা। উক্ত অ্যাডভাইসরিতে আরও উল্লেখ করা হয়েছে, আউটডোরে করোনা সুরক্ষার জন্য নেওয়া যাবে সর্বাধিক ৫০ টাকা। করোনা পরীক্ষার জন্য ২২৫০ টাকার বেশি এক টাকাও নেওয়া যাবে না।

অ্যাডভাইসরিতে আরও বলা হয়েছে, ডাক্তার ছুটি লেখার পরেও থাকতে চাইলে পাঠানো হবে সেফ হোমে। হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত শুধুমাত্র অন ডিউটি চিকিৎসকের। আইসিইউ-আইটিইউ-তে পাঠানোর সিদ্ধান্তও তাঁর। চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীদের দামি অ্যান্টোবায়োটিক নয়। দিতে হবে সস্তার ওষুধ, উল্লেখ অ্যাডভাইসরিতে।

এক‌ই সঙ্গে করোনা আক্রান্তের নমুনা বাড়িতে গিয়ে নেওয়ার ক্ষেত্রেও খরচ বেঁধে দিয়েছে প্রশাসন। বলা হয়েছে, ‘কিলোমিটার প্রতি ১৫ টাকার বেশি যাতায়াত খরচ নয়। জোর করে হাসপাতালের বেড আগলে রাখতে পারবেন না রোগীরা।’

RELATED Articles

Leave a Comment