পুরসভা নির্বাচনের মুখে সদস্য সংখ্যা বাড়ল ঘাসফুল শিবিরের। এদিন তৃণমূলে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪১ নং ওয়ার্ডের বাম কাউন্সিলর রীতা চৌধুরি। একইসঙ্গে শনিবার পুরসভার অধিবেশনও ছিল। তবে অধিবেশনের প্রাক্কালেই সম্পন্ন হয় দলবদলের ঘটনা। আর আনুষ্ঠানিকভাবে যোগদানের অনুষ্ঠান হয় খোদ মেয়র ফিরহাদ হাকিমের ঘরেই। সেখানে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুরসভার চেয়ারপার্সন মালা রায় ও মেয়র পারিষদ দেবাশিস কুমারের উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয় রীতাদেবীর হাতে।
এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। কীভাবে প্রশাসনিক দফতরে তৃণমূলের দলীয় কাজ করতে পারলেন মেয়র তা নিয়ে ইতিমধ্যেই ঘটেছে বিতর্কের সূত্রপাত। যদিও এই কাজে কোনও বিতর্কই দেখতে পাচ্ছেন না মেয়র। তিনি জানান, যোগদানের অনুষ্ঠান তাঁর টেবিলে হয়নি। ঘরেরই এক পাশে হয়েছে। সুতরাং বিতর্কের কিছু নেই এতে।






