এর আগে ১৬ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল বামেদের তরফে। এবার দ্বিতীয় দফার তালিকা প্রকাশিত হল বামেদের। আজ, শনিবার বিকেলে এই তালিকা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এরপর তৃতীয় তালিকা কবে প্রকাশিত হয়, তা নিয়ে রয়েছে ধন্ধ।
প্রথম তালিকায় তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছিল। এদিনের তালিকায় চারজন প্রার্থীর নাম প্রকাশ করেছে বামেরা। মুর্শিদাবাদ থেকে সিপিএমের টিকিটে লড়ছেন মহম্মদ সেলিম। রানাঘাট থেকে সিপিএমের টিকিটে লড়বেন অলোকেশ দাস, বোলপুর থেকে টিকিট দেওয়া হয়েছে শ্যামলী প্রধানকে ও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হলেন সুকৃতি ঘোষাল। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করল সিপিএম।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে যে মহম্মদ সেলিম প্রার্থী হতে পারেন, এমন জল্পনা ছিলই। তাঁকে একাধিকবার মুর্শিদাবাদে গিয়ে সভা-মিছিলে দেখা গিয়েছে। এর আগে ২০২১-এ চণ্ডীতলা বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন মহম্মদ সেলিম। কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে তাঁকে পরাজিত হন তিনি। লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে মহম্মদ সেলিমের বিপক্ষে রয়েছেন তৃণমূলের আবু তাহের খান। এবার বামেরা সেখানে ঘাঁটি গড়তে পারে কী না, এখন সেটাই দেখার।
উল্লেখ্য, ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে এখনও কিন্তু ধন্ধ রয়েই গিয়েছে সিপিএমের অন্দরে। আজও ওই কেন্দ্রে কোনও প্রার্থী ঘোষণা করে সিপিএম। ওই কেন্দ্রের জন্য আসন সমঝোতা করা হবে আইএসএফের সঙ্গে, এমনটা শোনা যাচ্ছিল বটে। তবে তা এখনও নিশ্চিত নয়। ফল জট এখনও অব্যাহত। এদিন যদিও জোট প্রসঙ্গে বিমান বসু বলেন, “আইএসএফের সঙ্গে কোনও বোঝাপড়া এখনও হয়নি। ওরা যদি আন্তরিক থাকে আলোচনার জন্য তখন সকলকে জানাব”। অর্থাৎ জোট নিয়ে সম্ভাবনা একেবারেই কিন্তু উড়িয়ে দিচ্ছে না সিপিএম।
প্রসঙ্গত, এর আগে বামেদের প্রথম তালিকায় নাম ছিল ১৬ জনের। তালিকা অনুযায়ী, কোচবিহার থেকে লড়ছেন নিতীশ চন্দ্র রায়। জলপাইগুড়ি থেকে লড়ছেন দেবরাজ বর্মন। বালুরঘাট থেকে জয়দেব সিদ্ধান্ত। কৃষ্ণনগর থেকে এসএম সাদি। দমদম থেকে সুজন চক্রবর্তী। যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য। কলকাতা দক্ষিণ সিপিআইএম সায়েরা শাহ হালিম। শ্রীরামপুর থেকে লড়ছেন দীপ্সিতা ধর। হুগলিতে লড়ছেন মনদীপ ঘোষ।
অন্যদিকে, তমলুক থেকে লড়ছেন সায়ন বন্দ্য়োপাধ্যায়। হাওড়া থেকে লড়ছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। মেদিনীপুর থেকে লড়ছেন বিপ্লব ভট্ট। বাঁকুড়া থেকে লড়ছেন নীলাঞ্জন দাশগুপ্ত। বিষ্ণুপুর থেকে লড়ছেন শীতল কৈবর্ত। বর্ধমান পূর্ব থেকে লড়ছেন নীরব খান। আর আসানসোল থেকে লড়ছেন জাহানারা খান।





