অসুস্থ বিকাশরঞ্জন ভট্টাচার্য, বুকে বসানো হল পেসমেকার, বর্ষীয়ান সিপিএম নেতার দ্রুত আরোগ্য কামনায় শুভেন্দু-কুণালরা

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিপিএম রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে সন্তোষপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পেসমেকার বসানো হয়েছে তাঁর বুকে। নজরদারির জন্য কিছুদিন তাঁকে হাসপাতালে রাখা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

কী হয়েছিল সিপিএম নেতার?

সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার দুপুর থেকেই হঠাৎ অস্বস্তি বোধ করতে থাকেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করে চিকিৎসকরা জানান, পেসমেকার বসাতে হবে তাঁর বুকে। সেই অনুযায়ী রাতেই তাঁর অস্ত্রোপচার হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বয়স এখন ৭১। সক্রিয় রাজনীতিও তো বটেই, সক্রিয়ভাবে আইনজীবী হিসেবেও এখনও কাজ করে যাচ্ছেন তিনি। নিয়োগ দুর্নীতি-সহ নানান রাজনৈতিক মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তাঁকে। সুপ্রিম কোর্টেও কখনও কখনও যেতে হয় তাঁকে। সার্বিকভাবে বিস্তর ধকল সহ্য করতে হয় সিপিএম নেতাকে। সেই কারণেই তাঁর পার্টি এবং পরিবার বেশ চিন্তায় রয়েছেন।

তাঁর পার্টির লোকজন তো বিকাশরঞ্জন ভট্টাচার্যের দ্রুত আরোগ্যের কামনা করেছেনই, বিপক্ষ দলের নেতারাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সিপিএম নেতার দ্রুত সুস্থতার কামনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, “রাজ্য়সভার সাংসদ ও কলকাতা হাইকোর্ট-সুপ্রিম কোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বুকে পেসমেকার বসানো হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। খুব তাড়াতাড়ি তাঁকে কোর্টরুমে দেখার অপেক্ষায় রইলাম”।

https://twitter.com/SuvenduWB/status/1715201099886723087?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1715201099886723087%7Ctwgr%5Ef59bbcddde78929e60bece5540f7251a8c629b88%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fcpim-leader-bikashranjan-bhattacharya-admitted-at-hospital-931734.html

অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র কুণাল ঘোষও বিকাশরঞ্জনের দ্রুত আরোগ্যের কামনা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দ্রুত আরোগ্য কামনা করি। রাজনৈতিক মতপার্থক্য তীব্রভাবেই থাকবে। কিন্তু আপনি আগে সুস্থ হয়ে উঠুন”।

RELATED Articles