নভেম্বর মাস শেষ। কোথায় এখন চাদরমুড়ি দিয়ে বাইরে বেরোতে হবে, তা না এখনও মাঝেমধ্যে চালাতে হচ্ছে পাখা। কারণ শীত যে নেই! শীত পড়ার আগেই তার ওঠে কাঁটা হয়ে বিঁধল নিম্নচাপ। ফলে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে উঠল। আগামী ৫-৭ দিন শীতের আমেজ পাবে না বঙ্গবাসী।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, বৃহস্পতিবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ঘনীভূত হবে। সেটি শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মিগজাউম। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই অভিমুখ থাকতে পারে। ইতিমধ্যেই ওড়িশা সরকার নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে সাতটি উপকূলীয় জেলাকে সতর্ক করেছে।
বালাসোর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিনপুর, পুরী, খুড়দা এবং গঞ্জামের জেলাশাসকদের সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। আগামী কয়েক দিন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সমুদ্র। রাজ্যের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় মৎসজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানা যায়নি। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপ শনিবার বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অনুমান করা হচ্ছে, ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাংলাদেশে উপকূলের কোনও একটি জায়গায়।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় কুড়ি ডিগ্রির উপর উঠেছে তাপমাত্রা। আপাতত আকাশ আংশিক মেঘলা। রাতের তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৩ থেকে ৯৩ শতাংশ।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকা ছাড়া আপাতত উত্তরবঙ্গের আকাশ মেঘমুক্ত থাকবে। আগামী চার-পাঁচদিন উত্তরবঙ্গের বাকি জেলাতেও একই রকম শুকনো আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।






