‘কাল অমিত শাহ এসেছিলেন শহরে, উনিই নিশ্চয় নির্দেশ দিয়ে গিয়েছেন’, তৃণমূল নেতাদের বাড়ি সিবিআই হানায় বললেন ফিরহাদ

বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের নানান প্রান্তে অভিযান চালাচ্ছে সিবিআই। বৃহস্পতিবার সকালেই তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে হানা দেয় সিবিআই। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র নির্দেশেই এই হানা।

আজ, বৃহস্পতিবার নারদ মামলায় সিবিআই আদালতে হাজিরা দিতে যান ফিরহাদ হাকিম, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল নেতাদের বাড়ি সিবিআইয়ের হানা প্রসঙ্গে ফিরহাদ বলেন, “অমিত শাহ শহরে এসেছিলেন। তিনিই কোনও নির্দেশ দিয়ে গিয়েছেন হয়তো। এসব করে কোনও লাভ হবে না। বিজেপি এইভাবে আমাদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি পুলিশ দিয়ে লড়াই হয় না। লড়াই হয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং সংগঠন দিয়ে। যত আমরা আক্রান্ত হব, তত আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নেব। বাংলায় কোথাও পায়ের তলার মাটি পাবে না বিজেপি”।

তবে লক্ষ্মীবারে সিবিআই তল্লাশি প্রসঙ্গে আলাদা করে কোনও মন্তব্য করতে চাননি মদন। তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে মদনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমিও টিভিতে দেখেছি। সিবিআই তল্লাশি চলছে। তবে এ ব্যাপারে আমার কিছু বলার নেই। নো কমেন্টস”। পরে অবশ্য বলেন, “অমিত শাহ কাল এসেছিলেন…”। তবে সেই বাক্য সম্পূর্ণ করেননি কামারহাটির বিধায়ক। তাই অমিত শাহ প্রসঙ্গে তিনি ঠিক কী বলতে চেয়েছেন তা স্পষ্ট নয়।

এদিন আদালতে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল কাউন্সিলরদের বাড়িতে সিবিআইয়ের হানা প্রসঙ্গে তিনি বলেন, “আগে রেড হলে মানুষ ভাবত, পর্যালোচনা করত, এখন মানুষের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে- মানুষও জানে যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক কারণেই এই অভিযান”।

নারদ মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও নাম রয়েছে। তাঁকে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন শোভন। বলেন, “শুধু আজকে নয় ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলছে। রাজনৈতিক দল রাজনৈতিকভাবে মোকাবিলা করুক। কিন্তু এভাবে ৬ বছর ধরে কোর্টে হাজিরা দিয়ে যাচ্ছি, আরও একজন রয়েছে, তাঁকে ডাকা হচ্ছে না। এর থেকেই তো উদ্দেশ্য স্পষ্ট”।

RELATED Articles