‘রেপ-টেপ সব জায়গাতেই হয়…’, আর জি কর নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে, লন্ডনে বাতিল ডোনা গাঙ্গুলির নাচের অনুষ্ঠান

আর জি কর কাণ্ড নিয়ে প্রথমে মুখ খুলে বিতর্কের মুখে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। তারপর আবার যদিও ড্যামেজ কন্ট্রোল করার জন্য স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের দলের প্রতিবাদী মিছিলে হাঁটেন। কিন্তু বিতর্ক কমেনি। সেই বিতর্ক আবার উস্কে যায় ডোনার করা একটি মন্তব্যে। এর জেরে তুমুল কটাক্ষের মুখেও পড়েন মহারাজের ‘মহারানী’। এবার আর জি কর কাণ্ড নিয়ে সেই মন্তব্যের কারণেই কাজও হারালেন ডোনা।

জানা গিয়েছে, পুজোর সময় লন্ডনে নিজের নাচের দল নিয়ে বেশ কিছু অনুষ্ঠান করার কথা ছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের। মহালয়ার পর থেকেই শুরু হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানগুলি। কিন্তু এখন আর তা হচ্ছে না বলেই খবর। পুজো কমিটির তরফেই এই অনুষ্ঠান বাতিলের বিষয়টি জানানো হয়েছে।  

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখা গিয়েছে, সেটি সেই পুজো কমিটির থেকে আসা মেইলের স্ক্রিনশট বলে দাবী করা হয়েছে। সেই পোস্ট অনুযায়ী, ওই মেইলের লেখা রয়েছে, “আমাদের মহালয়া ইভেন্টে কিছু বদল আনা হয়েছে। আপনাদের জানাতে চাই যে, একাধিক সদস্যের অনুরোধ ও তাঁদের আবেগকে মর্যাদা দিয়ে, বোর্ড অফ ট্রাস্টি সিদ্ধান্ত নিয়েছে, মহালয়ার ইভেন্ট থেকে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ বাতিল করার”।

পুজো কমিটির সংযোজন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত। বাদবাকি পুরো অনুষ্ঠান একই থাকছে”।

এই বিষয়টি নিয়ে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় যদিও জানাচ্ছেন, “একটি আয়োজক সংস্থা অনুষ্ঠান বাতিল করার কথা জানিয়েছে, আমরা সম্মত হয়েছি”। তাঁর দাবী, আর জি কর আবহে তিনি বা তাঁর দল লন্ডনের কোনও অনুষ্ঠানেই বিনোদনমূলক কিছু প্রদর্শন করতে চাইছেন না। দুর্গাপুজোর চারদিন এমন কোনও অনুষ্ঠান তিনি করতে চান, যার মধ্যে প্রতিবাদমূলক বা প্রার্থনামূলক কোনও বার্তা রয়েছে।

সৌরভ ঘরণীর কথায়, এই কারণেই রবীন্দ্রনাথের ‘শাপমোচন’ বাদ দিয়ে তিনি তাঁর দীক্ষামঞ্জুরি নাচের দল নিয়ে ‘তাসের দেশ’ পরিবেশনা করেছিলেন কারণ তাতে সমাজ বদলের ইঙ্গিত রয়েছে। ডোনার কথায়, একটি অনুষ্ঠান বাতিল হয়েছে বটে তবে আরও কয়েকটি অনুষ্ঠান রয়েছে তাদের সেখানে। কলকাতাতেও নানান অনুষ্ঠান রয়েছে ডোনার দলের, এমনটাই জানান তিনি।

আর জি কর আবহে ঠিক কী বলেছিলেন ডোনা?

কিছুদিন আগেই বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের আয়োজিত একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেছিলেন ডোনা। সেখানেই আর জি কর কাণ্ড নিয়ে মন্তব্য করার সময় তিনি বলেছিলেন, “রেপ-টেপ সব জায়গায়ই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে”? তাঁর এই মন্তব্যের কারণেই তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ অপারেশন থিয়েটারে চলত মদের পার্টি, জোর করে ডাকা হত তরুণী ইন্টার্নদের, সেই ভিডিও তুলে রাখাই কাল হল ‘তিলোত্তমা’র? সিবিআইয়ের হাতে বড় প্রমাণ!

সেই সময় অবশ্য সাফাই দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন, “আমি ডোনা গঙ্গোপাধ্যায়, প্রথমত একজন নারী, তারপর এক কন্যা সন্তানের মা। আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব। বরং, আমি নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি”।

RELATED Articles