ফের এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু! ব্রিজের নীচ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ, রাজনৈতিক কারণেই মৃত্যু নাকি সম্পর্কের টানাপোড়েন?

ফের এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হল। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ময়না। মৃত ওই বিজেপি কর্মীর নাম কৃষ্ণ পাত্র। জানা গিয়েছে, পীড়াখালি ব্রিজের কাছে এক পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। কৃষ্ণের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। ময়না থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায়।

জানা গিয়েছে, এই কৃষ্ণ পাত্র চাঁদিবেনিয়া বাকচা গ্রামের বাসিন্দা। তাঁর পরিবার সূত্রে খবর, তিনি গতকাল, মঙ্গলবার রাতে কাজে যাচ্ছেন বলে বের হন। এরপর আর বাড়ি ফেরেন নি তিনি। তাঁর পরিবারের তরফে নানান জায়গায় খোঁজ করা হলেও কোনও খবর পাওয়া যায়নি। আজ, বুধবার সকালে থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ করতে যাওয়ার কথা ভাবে কৃষ্ণর পরিবার। তবে এর আগেই প্রতিবেশীরা এসে খবর দেয় যে ব্রিজের কাছে কৃষ্ণর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।

এই ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, কৃষ্ণর শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিজের এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন কৃষ্ণ।

তাঁর পরিবার সূত্রে খবর, একুশের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে কাজ করেছিলেন কৃষ্ণ। এলাকায় দলের সংগঠন আরও মজবুত করে তোলার চেষ্টা করেন তিনি। এর জেরে তৃণমূলের হুমকির শিকারও হন তিনি, এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে। এই মৃত্যুর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আবার গ্রামের একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে কৃষ্ণ নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। তাই সম্পর্কের টানাপোড়েনের জেরে এই মৃত্যু কী না, সেই সন্দেহও করছে পুলিশ। পরিবারের তরফে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ময়না থানার পুলিশ।

RELATED Articles