সকাল সকাল হইচই পড়ে গেল কাঁচরাপাড়ার ট্রেলার রোডের কুলিয়া পট্টি এলাকায়। সেখানে নর্দমার পাশ থেকে উদ্ধার হল এক নাবালিকার মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার নাম সঞ্জনা কুমারী। বয়স ১৬ বছর। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ, মঙ্গলবার কাঁচরাপাড়ার ট্রেলার রোডের কুলিয়া পট্টি নবজীবন এলাকায়। ওই এলাকার এক নর্দমার পাশেই পড়ে থাকতে দেখা যায় নাবালিকার দেহ।
স্থানীয় সূত্রের খবর, গতকাল, সোমবার রাত ৩টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা। কিন্তু এরপর আর রাতে আর বাড়ি ফেরেনি সে৷ আজ, মঙ্গলবার সকালে এলাকার এক গ্যারেজের মালিক নিজের দোকান খোলার সময় দেখতে পান যে ড্রেনের পাশে একটি মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে তারা। পরে পরিচয় জেনে পুলিশ খবর দেয় সঞ্জনার বাড়ির লোকজনকে।
এলাকার বাসিন্দাদের কথায়, কেউ বা কারা ওই নাবালিকাকে খুন করে নর্দমার ধারে ফেলে রেখে দিয়ে গিয়েছে। খুনের আগে নাবালিকাকে ধ’র্ষ’ণ করা হয়েছিল কী না, তা ফরেন্সিক রিপোর্ট আসার পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তকারীরা এই ঘটনার বিষয়ে সঞ্জনার পরিবারের লোকের সঙ্গে কথা বলেন। নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছে যে কারোর সঙ্গে কোনও শত্রুতা ছিল না সঞ্জনার। তবে প্রেমঘটিত কোনও ব্যাপার ছিল কী না, তা তারা স্পষ্ট করে বলতে পারেন নি।





