মিড ডে মিলের ডালের সঙ্গেই সেদ্ধ হয়ে গেল সাপ, খাবার খেয়ে স্কুলের বমি ৪ পড়ুয়ার, ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

এর আগেও এমন ঘটনার নজির মিলেছে। রাজ্যের নানান প্রান্তের নানান অঙ্গনওয়াড়ি বা প্রাথমিক স্কুলের মিড ডে মিল থেকে মিলেছে মরা কেঁচো, পোকা বা সাপ। এবারও ফের তেমনই এক ঘটনা ঘটল।

প্রাথমিক স্কুলের মিড ডে মিলের ডালের সঙ্গেই সেদ্ধ হয়ে গেল সাপ। ডালের বালতিতে পড়ে থাকতে দেখা যায় মরা সাপটিকে। ওই রান্না খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে ৪ পড়ুয়া। স্কুলেই বমি করে তারা। ১৪ জন পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের দাসপলতা মণ্ডলপুর প্রাথমিক বিদ্য়ালয়ে।

এই ঘটনার প্রতিবাদে গতকাল, সোমবার সকালে ওই স্কুল ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। এমনকী, স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর চালায় তাঁরা। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত নিরাপত্তার খাতিরে প্রধান শিক্ষককে স্কুলের ঘরে রেখেছে পুলিশ। রাঁধুনীকে নিরাপত্তা দিয়েছে গ্রামের বাসিন্দারাই।

জানা গিয়েছে, প্রতিদিনের মতোই প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন  পড়ুয়ার জন্য খাবার রান্না করেছিলেন রাঁধুনি। প্রথম ব্যাচে খেতে বসে ১৪ জন পড়ুয়া। তাদের মধ্যে চারজন একগ্রাস করে খাবার খেয়েও নিয়েছিল। বাকিরাও খেতে যাবে এমন সময় রাঁধুনি দেখেন যে ডালের বালতির নিচের দিকে কিছু একটা পড়ে রয়েছে।

হাতা দিয়ে তা তুলতেই দেখা যায় ডালের বালতির নিচে পড়ে মরা চিতি সাপ। সঙ্গে সঙ্গে বন্ধ করা দেওয়া হয় খাবার পরিবেশন। স্কুলের প্রধান শিক্ষক নিমাই দে জানান যে ১৪ জন পড়ুয়াকে নিয়ে দুই শিক্ষক প্রথমে বাসুদেবপুর হাসপাতালে যান। পরে তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পড়ুয়াদের চিকিৎসা চলে। তাদের মধ্যে ৪ পড়ুয়া বমি করছিল।

মিড ডে মিলে সাপ মিলেছে, এই খবর পেয়েই ছুটে আসেন স্থানীয়রা। স্কুল ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবক ও গ্রামবাসীরা। এমনকি, প্রধান শিক্ষকের গাড়িও ভাঙচুর কড়া হয় বলে জানা গিয়েছে। এখনও এই ঘটনার জেরে উত্তেজনা রয়েছে গ্রামে।

RELATED Articles