যদিও শুভেন্দু পরবর্তী অধিকারী পরিবারে তিনি যে আসন্ন ভবিষ্যতে বিজেপিতেই যোগ দিতে চলেছেন সেই নিয়ে বাড়ছে গুঞ্জন। কারণ খবর, ইতিমধ্যেই হলদিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে দিব্যেন্দু অধিকারীকে। আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় একাধিক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে শুভেন্দু ভ্রাতা দিব্যেন্দুকে আমন্ত্রণ জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।
তাৎপর্যপূর্ণভাবে তারই আগের দিন অর্থাৎ ৬ই ফেব্রুয়ারি যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে জনসভা করবেন। তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার তিনটি কলেজের পরিচালন কমিটির সভাপতির পদ থেকে সরানো হল তমলুকের তৃণমূল সাংসদকে। এরই মধ্যে আবার দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বাধীন কাঁথি দেশপ্রাণ কলেজের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনাকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দেশিকা প্রসঙ্গে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, “দেশপ্রাণ কলেজ থেকে আমি আগেই পদত্যাগ করেছি। বাকি কলেজগুলিতে কী হয়েছে তা আমি জানি না।”
প্রশাসন ও শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, দিব্যেন্দু অধিকারীকে তাঁর পদ থেকে সরানোর পরে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির প্রশাসক হিসেবে তমলুকের মহকুমাশাসক প্রণব সাঙ্গুই, নন্দীগ্রাম সীতানন্দ মহাবিদ্যালয়ের প্রশাসক হিসেবে হলদিয়ার মহকুমাশাসক অবনীত পুনিয়া এবং কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ের প্রশাসক হিসেবে কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানিকে নিয়োগ করেছে রাজ্য সরকার।





