স্কুলে ক্লাস বন্ধ রেখে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি, তারস্বরে মাইক বাজিয়ে চলল নাচগান, খাওয়াদাওয়া, অভিযোগ স্বীকারই করলেন না তৃণমূল বিধায়ক

চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই কারণে মাইক-বক্স বাজিয়ে সভা করা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কিন্তু সেই নির্দেশ মানা হল না খোদ শাসকদলের তরফেই। প্রাথমিক স্কুলে ক্লাস বন্ধ রেখেই পালন হল ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি। আর সেই উপলক্ষ্যে স্কুলে মাইক বাজিয়ে চলল নাচগান ও খাওয়াদাওয়া। ঘটনাটি ঘটেছে আজ, সোমবার মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা ব্লকে নীমা প্রাথমিক বিদ্যালয়ে।

আজ বড়ঞা ২ নম্বর অঞ্চলে ছিল ‘দিদির সুরক্ষাকবচ কর্মসূচি’। সেই কারণে নিমা গ্রামের প্রাথমিক স্কুল পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। শিক্ষকরা জানান, সেই কর্মসূচির জন্য সময় ছিল সকাল ন’টা থেকে দশটা। কিন্তু বেলা ১১টা বেজে গেলেও স্কুলে ক্লাস বন্ধ রেখেই মাইক-বক্স বাজিয়ে চলতে থাকে হই-হুল্লোড়, নাচগান।

এই সবই বেশ উপভোগই করলেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে উপস্থিত সকলে। এদিন এই কর্মসূচির জন্য স্কুলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি রবীনকুমার ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাহে আলম-সহ পুর ব্লক তৃণমূল নেতৃত্বরা।

বেলা ১১টা বেজে গেলেও কীভাবে স্কুলে রাজনৈতিক কর্মসূচি পালন হচ্ছে, তা নিয়ে শিক্ষকদের প্রশ্ন করেন গ্রামবাসীরা। তাদের এহেন প্রশ্নের পর টনক নড়ে তৃণমূল নেতৃত্ব ও স্কুল কর্তৃপক্ষের। তড়িঘড়ি অনুষ্ঠান শেষ করে তারা। এরই মাঝে চলে খাওয়াদাওয়াও। বেলা ১২টা বেজে যায় খাওয়াদাওয়া পর্ব শেষ হতে।

এদিকে এই সমস্ত  অভিযোগ অস্বীকার করেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তিনি জানান, “সকাল ১১টা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে। তারপর কোনও প্রোগ্রাম হয়নি। স্কুলের কিছু সময় নষ্ট হয়েছে”। এই বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শেখ রাহাতুল্লাকে একই প্রশ্ন করলে নানান উপায়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি।

আরও অন্যান্য খবর