‘কেষ্টর মতো পিসি-ভাইপোকেও মাটিতে শুতে হবে’, মমতা-অভিষেককে এক তীরে বিঁধে কটাক্ষ দিলীপের

একদিকে যখন সিবিআই-ইডিকে (CBI-ED) নিয়ে নানান কটাক্ষ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই জায়গায় দাঁড়িয়ে তখন কার্যত তদের ভবিষ্যৎবাণী করে ফের চাপের মুখে ফেললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এর আগেও তিনি বারবার মমতা-অভিষেককে কটাক্ষ করেছেন। এবার আজ, শনিবার দিলীপ ঘোষ বলেন, “পিসি-ভাইপোর কথাবার্তার ঠিক নেই। তালমিল থাকছে না। ওঁরাও ভবিতব্য বুঝতে পারছেন। কেষ্টর মতো ওঁদেরও মাটিতে শুতে হবে”।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি আপাতত জেলে রয়েছেন। আসানসোল জেলে একটা চৌকি বরাদ্দ হয়েছে তাঁর। এদিন সেই প্রসঙ্গ টেনেই ‘পিসি-ভাইপো’র মাটিতে শোয়ার কথা বললেন দিলীপ ঘোষ।

বাম-বিজেপির তরফে এর আগে বারবার একটাই কথা বলা হয়েছে যে নানান দুর্নীতির জেরে যাদের গ্রেফতার করা হচ্ছে, তারা আসলে চুনোপুঁটি। এর পিছনে বড় মাথা অন্য কেউ। আর এই কারণেই বারবার কালীঘাটের নাম করেছেন তারা। দু’দিন আগে নবান্নের সাংবাদিক বৈঠকে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “খালি বলছে কালীঘাটে টাকা যায়। নামটা বলুন না। কার কাছে যায়? কালীঘাটে কি মা কালীর কাছে টাকা যায়”।

এদিন দিলীপ এদিন দাবী করেন যে এই ধরপাকড়ের জেরে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব দিশেহারা হয়ে পড়েছেন আর তাই অসংলগ্ন কথা বলছেন। মেদিনীপুরের সাংসদের কথায়, “এখন আর কন্ট্রোল করতে পারছেন না। আমাদের নামে গালাগালিও দিয়ে দিচ্ছেন”।

এর পাল্টা তৃণমূলের তরফে দাবী করা হয় যে একজন ৩৫ বছরের যুবক মোদী-শাহ্‌’র বাংলা দখলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। তৃণমূলের দাবী, এই কারণেই ‘দিল্লিওয়ালা’দের অভিষেকের উপর এত রাগ। কিন্তু এভাবে তৃণমূলকে আটকানো যাবে না বলেও দাবী জানায় ঘাসফুল শিবির।

RELATED Articles