মাঝেমধ্যেই নিজের নানান আক্রমণাত্মক মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসেন তিনি। রাজ্য ও রাজ্য সরকারের (state government) নানান ইস্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কেও জড়ান। এবারও এর অন্যথা হল না। এবার উত্তরবঙ্গে (North Bengal) সফরে গিয়েও সেই একই মেজাজে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। রাজ্যের মন্ত্রীদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিলেন তিনি।
গতকাল, শনিবার ডুয়ার্সের বানারহাটে যান দিলীপ ঘোষ। সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে ফের একবার বেলাগাম তোপ দাগেন তিনি। বলেন, “আমাদের তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাও করতে বাধ্য করবেন না। বাধ্য হলে আমরা রাজ্যের মন্ত্রীদের ধরে গাছে বেঁধে রাখতে পারি”।
দিলীপ ঘোষের কথায়, “তৃণমূলের বিজেপির মন্ত্রী ও বিধায়কদের বাড়ি ঘেরাও কর্মসূচি পুরো ফালতু জিনিস। এটা ছোটলোকের রাজনীতি, ছ্যাঁচড়া রাজনীতি। আমাদের দল এসব রাজনীতি করে না”।
এরপর কার্যত হুঁশিয়ারি দিয়েই তিনি বলেন, “আমাদেরও লোক রয়েছে। প্রয়োজনে রাজ্যের মন্ত্রীদের বাড়ি ঘেরাও করতে পারি। আমরাও রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখতে পারি। কিন্তু আমরা এমনটা করব না”।
সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তা নিয়েও এদিন মুখ খোলেন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে কোনও ভোট ঝামেলা ছাড়া হয়না। যে ভোটই হোক না কেন, তৃনমূল কংগ্রেস সব ভোটেই ঝামেলা করে। এই তো ত্রিপুরা, আসাম, গুজরাটে ভোট হল। কেউ কোনও একটা ছোট হিংসারও খবর পাননি। আর যত ঝামেলা শুধু আমাদের রাজ্যে। সব ঝামেলার মূলে তৃনমূল কংগ্রেস”।
এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার আমরা প্রস্তুত আছি। আমরা আর নতুন নই। আগেরবার আমাদের দলের কার্যকর্তারা নতুন ছিলেন। পাশাপাশি মনোনয়ন দাখিল করতেই যে এত সমস্যা হতে পারে তা সবার ধারনার বাইরে ছিল”।





