শীতের অন্যতম সব্জি বাঁধাকপির (cabbage) সঙ্গে তৃণমূলের তুলনা করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে শাসক-বিরোধীর একে অপরকে বাক্-আক্রমন নেহাতই পরিচিত ঘটনা। আর আজ ফের তাই প্রাতঃভ্রমণে বেরিয়ে শাসকদলকে একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
তৃণমূলের অন্তর্কলহ প্রসঙ্গে নিজের বক্তব্যে বললেন, “ওদের এখন বাঁধাকপির মতো অবস্থা। পাতা ছাড়াতে ছাড়াতে কপি খুঁজে পাওয়া যাবে না। পার্টিতে দুজন পড়ে থাকবেন। বাকি পার্টি উঠে যাবে।” অমিত শাহের সফর পরবর্তী বাংলায় আরো অনেকটা বেশি আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন একুশে বাংলায় সরকার গড়বে পদ্ম শিবিরই।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, নিত্যদিনের মতোই রবিবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেই সময়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একাধিক ইস্যুতে শাসকদলকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, “দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূলের (TMC) আর কিছুই নেই। কেন্দ্রীয় সংস্থা কাজ শুরু করতেই চারিদিকে হইচই পড়েছে। কারণ, বাংলায় চলা গরু ও কয়লা পাচারের সঙ্গে রাজ্যের সরকারি পার্টির নেতাদের অধিকাংশই জড়িত। সেই জন্যই তল্লাশি শুরু হতেই মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছেন। এতেই স্পষ্ট যে ক্ষমতায় রয়েছেন যাঁরা তাঁদের আসল চেহারা।”
তবে দিলীপ ঘোষ সবথেকে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তাঁর দলবল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে। বঙ্গ প্রশাসনকে তীব্র কটাক্ষ করে তাঁর বক্তব্য, “তৃণমূলের পরিস্থিতি বাঁধাকপির মতো। পাতা ছাড়াতে ছাড়াতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। থেকে যাবেন শুধু ২ জন।”





