দিলীপ ঘোষের জোর কটাক্ষের মুখে তৃণমূল সরকার! শাসককে ক্রিমিন্যালদের সরকার বলে উল্লেখ করে তাঁর বক্তব্য “এই সরকার ক্রিমিন্যালদের সরকার, কাপুরুষদের সরকার! এঁদের দম নেই কিছু করে দেখানোর। বিজেপি ক্ষমতায় এলে দেখিয়ে দেবে জঙ্গলরাজ কীভাবে সাফ করতে হয়, যেমনটা উত্তরপ্রদেশে হয়েছে।”
প্রসঙ্গত, শনিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ, সঙ্গে ছিলেন জ্যোর্তিময়ী সিকদার। তখনই এই কথাগুলি বলেন। গতকালই উত্তর প্রদেশে পুলিশের এনকাউন্টারে হয়েছে উত্তর প্রদেশের ত্রাস গ্যাংস্টার বিকাশ দুবে। তার এনকাউন্টার প্রসঙ্গে আজ এই কথাই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন, “বিজেপি কীভাবে দুষ্কৃতীদের দমন করে তা উত্তরপ্রদেশ, বিহারই প্রমাণ, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেও তার ব্যতিক্রম হবে না।” তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “যাঁরা এখানে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছে, তাঁদের কি আদৌ ক্ষমতা আছে গুলি চালানোর। তাঁরা শুধু বিরোধীদের ওপর গুলিই চালাতে জানে। বিজেপি ক্ষমতায় এলে কী হতে পারে, তা দেখিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ।”
তিনি আরও বলেন, তৃনমূলের শাসনে তো “এখানে তো পুরো গণ্ডারাজ কায়েম হয়েছে। ল অ্যান্ড অর্ডার কাকে বলে সেটা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে দেখে আসুন! এদের কোমরেই জোর নেই, তাঁরা নাকি আবার গুলি চালাবে।”





