‘চক্রান্ত আর কাঠিবাজি করা রাজনীতির অঙ্গ, কিন্তু ভুল পলিসির জন্য কর্মীদের আত্মত্যাগ বিফলে গেল’, হারার পর বিস্ফোরক দিলীপ ঘোষ

নিজের চেনা কেন্দ্র থেকে সরানো হয়েছিল তাঁকে। নিজের চিরাচরিত গড় মেদিনীপুর থেকে তাঁকে সরিয়ে প্রার্থী করা হয় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। তবে তাও নিজের সবটা দিয়ে ময়দানে লড়াই করেছেন তিনি। দল তাঁর জন্য ভালোটাই ভেবেছে, এমনটাই আত্মবিশ্বাস রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হার হল তাঁর। হারের পর এবার বিস্ফোরক দিলীপ ঘোষ।

গতকাল, ৪ জুন ছিল লোকসভা নির্বাচনের ফলাফলের দিন। এদিন রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ১২টা আসন পেয়েছে গেরুয়া শিবির। আগের বারের জেতা আসনগুলিও হারিয়েছে তারা। বর্ধমান-দুর্গাপুর আসন থেকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর কেন্দ্র বদলের কারণেই কী এই পরাজয়? এমন প্রশ্নই উঠতে শুরু করেছে এবার।    

এই বিষয়ে দিলীপ ঘোষ বললেন, “অসম্ভব কিছু না। সব সিদ্ধান্তের প্রভাব পড়ে। বাংলার মানুষ বলবেন এই গুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি। পুরো ইমানদারি দিয়ে করেছি। ফাঁকি রাখিনি। এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল। যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অন্ততঃ লড়াই হয়েছে”।

তাঁর কথায়, “কালাপানি কাকে বলে আমি জানি। চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। তার পরেও যথেষ্ট পরিশ্রম করেছি। কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে”।

দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমার কর্মী যারা তাদের এই উত্থান পতনকে সঙ্গী করেই এগোতে হবে। ব্যক্তিগত রেষারেষির এবং ভুল পলিসির জন্য এইভাবে হাজার হাজার কর্মীর আত্মত্যাগ বিফলে চলে গেলে পরবর্তী কালে তাদের দলের কাজে লাগানো মুশকিল হয়ে যাবে। মানুষের পার্টির ওপর আস্থা চলে যাবে”।

সন্দেশখালির ঘটনা সত্ত্বেও বসিরহাটে তৃণমূল জিতেছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “আন্দোলনটা রাজনৈতিক ছিল না। সাধারণ মানুষের আন্দোলন ছিল। পরে এটাকে বিজেপি টেক আপ করেছে। আমরা তাদের ন্যায় দেওয়ার চেষ্টা করেছি। কালও অত্যাচার হয়েছে। এরপর ওই মহিলারা ওখানে আর থাকতে পারবে কি না জানি না। এই আন্দোলন সারা দেশে নজির গড়েছিল। ওটা আমাদের পুরোনো গড়। ঘোরতর তৃণমূল জমানাতেও আমরা ওখানে ভালো ভোট পেতাম। কিন্তু আরও ভাল রেজাল্ট হবে ভেবেছিলাম। হয়নি”।

RELATED Articles