অনেকদিন ধরেই রাজনৈতিক অন্দরে জল্পনা তৈরি হচ্ছে। সেই জল্পনাকে আরও বেশি উস্কে দিয়েছে গতকাল বিকেলের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে মহারাজের ‘সৌজন্য’ সাক্ষাৎ। এরই মধ্যে আরও শোনা গিয়েছে যে আজ, সোমবার দিল্লির একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র সঙ্গে একই মঞ্চে দেখা মিলতে পারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত করে বললেন যে ‘ভালো’ মানুষদের বিজেপিতে আহ্বান জানাচ্ছে পদ্ম শিবির।
সৌরভ আদৌ রাজনীতিতে আসছেন কী না, এ বিষয়ে দিলীপের বক্তব্য, “আমার কিছু জানা নেই, তিনি কী করবেন, কী না করবেন, তিনি আমাদের সম্মানীয় ব্যক্তি। আমাদের ক্যাপ্টেন ছিলেন”। গতকালের রাজ্যপালের সঙ্গে সৌরভের সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, “রাজ্যপালের সঙ্গে সৌরভের সাক্ষাৎ নিয়ে এত জল্পনার কী আছে?” এরপর রাজ্যের রাজনৈতিক অবস্থা শোচনীয় বলে তাঁর স্পষ্ট মন্তব্য যে বিজেপিতে ভালো লোকেদের আহ্বান জানানো হচ্ছে। সৌরভ প্রসঙ্গে তিনি এও বলেন যে, “তাঁর মতো সফল ব্যক্তিত্বদের রাজনীতিতে আসা উচিত”। তাঁর এই মন্তব্য নিয়ে আরও বেশি শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
২০২১-এর বিধানসভা নির্বাচনে একাধিকবার সৌরভের মান উঠে এসেছে। এমনকি, এই কথাও শোনা গিয়েছে যে সৌরভকে বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। তবে দু’দিনের বাংলা সদরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদিও সেই জল্পনাকে খানিকটা দমিয়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর প্রার্থী হিসেবে একাধিক নাম তালিকায় রয়েছে।
তা বলেন, সৌরভের সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেন নি অমিত শাহ। তাছাড়া, সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে সৌরভ ঘরনী ডোনা গঙ্গোপাধ্যায়ও সৌরভের ৪৮তম জন্মদিনে বেশ তাৎপর্যপূর্ণ ইঙ্গিত করেছিলেন। সৌরভ রাজ্য বিজেপি ‘মুখ’ হয়ে উঠবেন কী না, এই প্রসঙ্গে তিনি বলেন, সৌরভ যে পিচেই খেলেন, সেখানেই শীর্ষে থাকেন। রাজনীতিতে যোগ দিলেও সেখানেও তিনি শীর্ষেই থাকবেন বলে আশাবাদী ডোনা। তবে তিনি এও জানান যে সৌরভ রাজনীতিতে যোগ দিচ্ছেন কী না, এ বিষয়ে তিনি কিছু জানেন না। এরপরই দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে নরেন্দ্র মোদীর উদ্বোধন করা পুজোর অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেছিলেন ডোনা। এই নিয়েও তৈরি হয় জল্পনা।
এই জল্পনার মধ্যেই গতকাল রাজ্যপালের সঙ্গে বৈঠক সারেন সৌরভ। এর ২৪ ঘণ্টা ত কাটতেই দিল্লির ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলির মূর্তি উন্মোচনে অমিত শাহ্’র সঙ্গে একই মঞ্চে দেখা যেতে পারে মহারাজকে। এই নিয়েও শুরু হয়েছে জল্পনা।





