সপ্তাহের প্রথম দিন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নানান বিষয় নিয়ে এদিন মুখ খোলেন তিনি। একদিকে যেমন তাঁকে শোনা যায় মদন মিত্রকে (Madan Mitra) শানাতে, তেমনই অন্যদিকে আবার তৃণমূলের অন্য দুই বিধায়ক তাপস রায় (Tapas Roy) ও শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chatterjee) ‘ভদ্রলোক’ আখ্যাও দেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হয়েছিলেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তিনি বলেছিলেন, “পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। সরকারি দলের বিধায়ক বলে আমার কথায় পুলিশ চলবে, এটা হতে পারে না”। তৃণমূল বিধায়কের সেই মন্তব্যের প্রেক্ষিতেই নিজের মতামত জানান দিলীপ ঘোষ।
এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “তাপসদা, শোভনদেববাবুরা ভদ্রলোক। তাঁরা চিরদিন যেভাবে রাজনীতি করেছেন, এখনও সেভাবেই রাজনীতি করে যাচ্ছেন। যে গুটিকয়েক নেতা আছেন, তাঁদের পক্ষে তৃণমূলে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তাই মনের দুঃখে মাঝেমধ্যে এসব কথা বলে ফেলেন। দুর্ভাগ্য যে বাকি জীবনটা তাঁদের ওই দলেই থাকতে হবে”।
এদিকে আবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। মদন মিত্র বলেন, “যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না, ওসব ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব”।
এদিন মদনের সসেই মন্তব্যের প্রেক্ষিতেও পাল্টা মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “ওই ডায়লগ অনেক শুনেছি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কি দাওয়াই দেবেন? আমাদেরও হাত আছে। জিতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছিলেন। ১৩ তারিখ বুঝে গিয়েছেন। পুলিশ গুন্ডা সব লাগিয়েছিল। বুঝে গিয়েছে বাংলার মুড পাল্টে গিয়েছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে”।





