দেবীপক্ষ শুরুর আগেই উদ্বোধন, ‘দুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করেছেন মমতা’, মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন দিলীপ

মহালয়ার আগেই পুজোর উদ্বোধন। দেবীপক্ষ শুরু হওয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এবার সেই বিতর্কের রেশ টেনেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুজোর পবিত্রতা নষ্ট করার অভিযোগ আনলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

গতকাল, সোমবার নিজের সংসদীয় এলাকা খড়গপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “উনি তো আগে থেকেই ঠিক করেছেন টাকা দেব আমার ছবি মণ্ডপে রাখতে হবে। ফিজিক্যালি না হলেও ভারচুয়ালি উদ্বোধন করব। সময় নেই বলে পিতৃপক্ষ থেকে শুরু করেছেন। সব কাজই উলটো করেন। চণ্ডীপাঠও উলটো। টাকা দিয়েছেন তাই উদ্বোধন করতে দিতেই হবে। যেদিন বলছেন তাই সেদিন করতে দিতে হবে। তাই করছেন। দুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করে দিয়েছেন উনি”

দিলীপ ঘোষের এই কটাক্ষের পাল্টা দিয়েছে তৃণমূলও। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “মাথা খারাপ হয়ে গিয়েছে দিলীপ ঘোষের। দেবীর বোধন তো হয়নি। মণ্ডপ উদ্বোধন হয়েছে। মণ্ডপ উদ্বোধন আর পুজো উদ্বোধন এক নয়। অনেক উদ্যোক্তাই চান মুখ্যমন্ত্রী মণ্ডপ উদ্বোধন করুন। দীর্ঘদিন আগে মমতার কাছে অনুরোধ করেন তাঁরা। পুজোর অনুদানের সঙ্গে উদ্বোধনের কোনও সম্পর্ক নেই”।

বলে রাখি, গত বৃহস্পতিবার থেকেই নানান মণ্ডপে উদ্বোধন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন তিনি। এরপর একে একে সল্টলেকের এফডি ব্লক ও টালা প্রত্যয়ের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এরপর গতকাল, মহালয়ার দিন সন্ধ্যায় তিনি চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করেন। প্রতিমার চক্ষুদান করেন মমতা। এদিন তিনি বলেন, “অগ্রণীতে শুধু মায়ের চোখ দর্শন করা নয়। চোখ দর্শনের মধ্যে দিয়ে সারা বাংলাকে দর্শন করার সুযোগ পেলাম”। শুধু তাই-ই নয়, এদিন আবার এক ক্লিকেই ভারচুয়ালি ২৬৩টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

RELATED Articles