‘কামাও, খাও আর মস্তি করো, এটা এই সরকারের নীতি’, দুর্গাপুজোর উদ্বোধন প্রসঙ্গে মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের

আগামী সপ্তাহেই দুর্গাপুজো (Durga Puja)। এখন মণ্ডপে মণ্ডপে চলছে দেবীবন্দনার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকে কাঠি পড়ল বলে। এখন শহর থেকে জেলায় শুধু পুজোর আমেজ। একের পরেক পুজোর উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এই উদ্বোধন নিয়েই এবার মমতাকে সরাসরি কটাক্ষ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। এই কারণে ১লা সেপ্টেম্বর কলকাতায় দুর্গা পুজোর র‍্যালি বের হয়। সেই র‍্যালিতে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুর্গাপুজোর সময় ইউনেস্কোর প্রতিনিধিরা কলকাতাতেই থাকবেন। তারা দুর্গাপুজো ঘুরে দেখবেন শহরে।

ইউনেস্কোর এই কৃতিত্ব নিয়ে রাজ্যে চাপানউতোরের শেষ নেই। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। তারপর থেকেই কার কৃতিত্বে এল এই সম্মান? তা নিয়ে চলেছে দড়ি টানাটানি। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন মেদিনীপুরের সাংসদ। আক্রমণ করলেন শাসক দলকে।

এখন শহর থেকে নানান জেলায় জেলায় চলছে পুজোর শেষ পর্বের প্রস্তুতি। অনেক মণ্ডপেই এসে গিয়েছে প্রতিমাও। উদ্বোধনও শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এমন সময়ই ফিরে এল ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য কোন সরকারের ভূমিকা বেশি, তা নিয়ে তরজা। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, “‌এটা তো আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত? এত বড় মহান ব্যাপারে তুচ্ছ রাজনীতির জায়গা নেই”।

প্রত্যেকবারের মতো এবারও মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করছেন। তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “‌দুর্গাপুজোয় রাজনীতিকরণ হচ্ছে। দুর্নীতি ঢাকতে এই সরকারের নীতি হল – কামাও, খাও, মস্তি করো। আর মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে”।

RELATED Articles