ট্যাবের টাকায় কাটমানি বেশি মিলবে! সেই দিয়ে ইলেকশন ফান্ড তৈরি হবে, রাজ্য সরকারকে কাটমানি ইস্যুতে কটাক্ষ দিলীপের

করোনা পরিস্থিতির এতদিন পর হঠাৎই ভোটের মুখে বাংলার সমস্ত সরকারি স্কুল ও মাদ্রাসাগুলিতে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অনলাইনে পড়াশোনার স্বার্থে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সাড়ে ৯ লক্ষ ট্যাব কেনার অসুবিধার দরুন এবার ট্যাবের বদলে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের এইরকম সিদ্ধান্তকেই এবার কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আজ অর্থাৎ বুধবার সকালে হাঁটতে বেরিয়ে সাংবাদিকদের দিলীপবাবু বলেন, এসবই কফিনে পেরেক মারা চলছে। তৃণমূলকে কটাক্ষ করে বঙ্গ বিজেপি সভাপতি এদিন বলেন, ‘নেতাদের ছেলেমেয়েদের দেওয়া হবে সেই লিস্ট তৈরি হচ্ছে। আমফানের মতো। আমি জানি না সেই লিস্ট করা বানিয়েছে। আমরা দেখছি, কজন পায়। এসব আসলে কফিনে পেরেক মারা হচ্ছে। কারণ এতে যে দুর্নীতি হবে… ২,২০০ টাকার সাইকেল যদি ৩,৭০০ টাকা খরচ দেখানো হয়… ট্যাবের ক্ষেত্রে আরও বেশি হবে কাটমানি। সেই টাকা দিয়ে ইলেকশন ফান্ড তৈরি হবে।’
প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত ৩রা ডিসেম্বর বাংলার সরকারি ও সরকার দ্বারা নিয়ন্ত্রিত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান রাজ্যের ৯.৫ লক্ষ ছাত্রছাত্রীর জন্য ট্যাব সরবরাহ করতে পারছে না কোনও সংস্থা। টেন্ডার ডেকেও ১ – ১.৫ লক্ষের বেশি ট্যাব এই মুহূর্তে‌ও পাওয়া যাচ্ছে না। ফলে সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাজ্যের সমস্ত বিরোধীদলের অভিযোগ, টাকা দিয়ে বিধানসভা নির্বাচনের আগে পরিবারগুলি প্রভাবিত করার চেষ্টা করছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে দল-মত নির্বিশেষে রাজ্যের সমস্ত বিরোধী দলই।

RELATED Articles