‘গোয়া আবার টালিগঞ্জ না হয়ে যায়’, বাবুলের গোয়া সফর নিয়ে প্রাক্তন সাংসদকে খোঁচা দিলীপের

পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এবার তৃণমূল জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়াতে চাইছে। এই কারণে ভিনরাজ্যেও সংগঠনকে মজবুত করতে চাইছে ঘাসফুল শিবির। ত্রিপুরার পর এবার গোয়াতেও নিজেদের শাখা-প্রশাখা বাড়াতে উদ্যত তৃণমূল।

গোয়ায় সংগঠনের উপর জোর দিতে দায়িত্ব দেওয়া হয়েছে ডেরেক ও’ ব্রায়েন, সৌগত রায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপর। এবার সেই দায়িত্বপ্রাপ্তদের তালিকায় নাম যোগ হয়েছে বাবুল সুপ্রিয়র। এই নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

গতকাল, রবিবারই তৃণমূলের হয়ে প্রথম রাজনৈতিক ‘অ্যাসাইনমেন্ট’ নিয়ে গোয়া উড়ে গিয়েছেন বাবুল সুপ্রিয়। এই বিষয়ে প্রশ্ন করা হলে আজ, সোমবার সকালে ইকোপার্কে দিলীপ ঘোষ বাবুলকে খোঁচা দিয়েই বলেন, “গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়”।

গতকাল গোয়ার উদ্দেশে উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে বাবুল সুপ্রিয় বলেন, “ভালো লাগছে। খুব সিম্পল ব্যাপার। আমি কাজ করতে চাই। দিদি দায়িত্ব দিয়েছেন। গোয়া পরিচিত জায়গা। এখানে গানের প্রোগ্রাম করেছি। তবে পলিটিকাল অ্যাসাইনমেন্ট কখনও করিনি। গত বছর, তার আগের বছরেও ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি। সেখানে অনেকেই টিএমসিতে যোগ দিচ্ছেন। দিদিও যাচ্ছেন। খুব ভালো হবে”।

বলে রাখি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় আচমকাই তৃণমূলে যোগ দেন। নতুন দলে তাঁকে কী দায়িত্ব দেওয়া হবে, এনিয়ে আগে নানা কথা উঠেছে। সেই জল্পনাতেই আপাতত কিছুটা ছাই চাপা দিয়েই বাবুলকে গোয়ায় পাঠিয়েছে ঘাসফুল শিবির। জানা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোও দিন কয়েকের মধ্যেই গোয়া যাবেন। তাঁর সেই সফরের আগেই সেখানে তৃণমূলের একঝাঁক নেতার সঙ্গে গোয়া পৌঁছলেন বাবুল।

আরও অন্যান্য খবর