প্রার্থী হয়ে ভোট প্রচার শুরু করার পর থেকেই নানান বিতর্কে জড়িয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রচারে বেরিয়ে স্বমেজাজেই দেখা গিয়েছে তাঁকে। কখনও তিনি আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কখনও তৃণমূলকে নিয়ে তোপ দেগেছেন। তাঁর নানান অতর্কিত মন্তব্যের কারণে কমিশনের তরফে সতর্কও করা হয়েছে তাঁকে। তবে দমে যান নি তিনি। ‘দিলীপ রয়েছেন দিলীপেই’, এই কথাটা যেন তাঁরই জন্য প্রযোজ্য।
প্রতিদিন প্রাতঃভ্রমণে যাওয়া তাঁর অভ্যেস। এখন ভোটের সময়ও এর অন্যথা হচ্ছে না। এই প্রাতঃভ্রমণের সময়ই জনসংযোগ সারেন তিনি। তবে আজ, মঙ্গলবার যেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) এক অন্য অবতার দেখা গেল। এদিন সকালে দুর্গাপুরের জোন পার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি প্রার্থী। আর সেই সময় তাঁর হাতে দেখা যায় একটা লাঠি।
প্রাতঃভ্রমণের পর স্থানীয় কর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হাতে কেন লাঠি? এই প্রশ্ন উঠলে তিনি বলেন, “আসলে রাস্তায় হাঁটতে বেরলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে। তাই এক বন্ধু বললেন, হাতে একটা লাঠি রাখতে। এটা দেখে যদি কোনও কাজ হয়। যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের জন্য এই ডান্ডা আছে। এটা রাখার অনুরোধ আমার বন্ধুর। নাহলে আমি খালি হাতে চলাফেরা করতেই অভ্যস্ত”।
আসলে বিগত কয়েকদিন ধরেই প্রচারে বেরিয়ে মাঝেমধ্যেই বিক্ষোভের মুখে পড়ছেন দিলীপ ঘোষ। গতকাল, সোমবারই দুর্গাপুরের ফুলঝোড়ে প্রচারে গেলে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বিজেপি প্রার্থীকে। এই বিক্ষোভকারীদের চিহ্নিত করে দিলীপ ঘোষের দাবী ছিল, তারা সব তৃণমূলের লোক। সেই কারণেই কী তাহলে এই ডাণ্ডা?
দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথায়, “মাঝেমাঝেই তৃণমূলের লোকজন এসে বাধা দিচ্ছে, আটকাচ্ছে। আমি কি রাস্তায় বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলব না? কোথাও বসে চা খাব না?এটা কেমন চলছে”?
এদিন ভোট জনসংযোগের পাশাপাশি দুর্গাপুর চিত্রমেলা ময়দানে আরএসএসের শিবিরে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে নানান কর্মসূচিও পালন করেন তিনি। বরাবরই দিলীপ আরএসএসের সঙ্গে যুক্ত। সেই কারণে ভোট প্রচারের মাঝেই একবার সেই শিবিরেও ঢুঁ মারলেন বিজেপি প্রার্থী।






