রাজনীতি শুরু বিভূতিভূষণের বাড়ি রক্ষাকে কেন্দ্র করে! প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘আরণ্যক’ আজ‌‌ও সম্ভ্রম জায়গা বাঙালির। দু’দিন আগেই এই বাড়িকে রক্ষা করার বিষয়ে ফেসবুকে নিজের আশঙ্কার কথা জানিয়েছিলেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকে লিখেছিলেন, “আমি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ। ব্যারাকপুরে সুকান্তসদনের পিছনে আমাদের বাড়ি আরণ্যক। প্রায় দু’বছর আগে আমাদের বাড়ির গা ঘেঁষে একটি বিশাল শপিং মল উঠেছে। কাজ শুরু হওয়ার প্রথম দিন থেকেই আমাদের বাড়ির পিছনের পাঁচিল ভেঙে দেওয়া হয়। বিভিন্ন রকমের উৎপাত চলে। পৌরসভার তখনকার চেয়ারম্যান উত্তম দাসকে বিষয়টি জানানোর পর উনি চিঠি দিয়ে জানিয়েছিলেন বাড়ি ওঁরা মেরামত করে দেবেন।…তখনকার মতো দুতিনটে খুঁটি লাগিয়েছিলেন। এখনও কোনও সমাধান পাইনি ।”

আর এবার এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসে পড়ল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিভূতিভূষণের বাড়ি সংস্কারকে কেন্দ্র করে শুরু হয়ে গেল গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত। ব্যারাকপুর পুরসভার মুখ্য প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের একাংশের। আলোচনা না করেই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন প্রশাসক, এমনটাই দাবি প্রশাসক কমিটির সদস্য শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়ের। প্রশ্ন করলে বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যান পুর প্রশাসক।

তবে এই ঘটনায় শুধুমাত্র বন্দ্যোপাধ্যায় পরিবার নয়, প্রবল সংকটে রয়েছেন বিভূতিভূষণের পরিবারের প্রতিবেশীরাও। বাসবী চক্রবর্তী নামের এক মহিলা জানান, বাড়ির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। সব সময়ই মনে হয় ভূমিকম্প হচ্ছে।চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন মল হচ্ছে। ব্যারাকপুরবাসীর স্বার্থে এই কাজ বন্ধ করা যাবে না।

RELATED Articles