রেশন দুর্নীতিতে আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতির বিষয়ে সবটাই প্রথম থেকেই জানতেন তিনি। এমনকি নিজেই উদ্যোগ নিয়ে দুর্নীতির তদন্তও ভেস্তে দিয়েছিলেন মন্ত্রী, ইডির জেরায় এমনটাই স্বীকার করে নিয়েছেন জ্যোতিপ্রিয়। আদালতে রিপোর্ট পেশ করে এমনটাই জানাল ইডি, দাবী সূত্রের।
কী জানিয়েছে ইডি?
আদালতে ইডি দাবী করেছে, রেশন দুর্নীতির কথা সব গোড়া থেকে জানতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সব জেনেও কোনও ব্যবস্থা তো নেনই নি, বরং নিজেই সেই সব চালকল, মিলের মালিকদের নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন। এই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হলে, তাও ভেস্তে দেন মমতার প্রিয় ‘বালু’। এই চালকলের কল মালিকদেরই অন্যতম হলেন ধৃত বাকিবুর রহমান।
বলে রাখি, গত বছরের নভেম্বর মাসে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত নিয়ে তৎপর হয় ইডি। এরপর জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। জ্যোতিপ্রিয়র বাড়ি ও অন্যান্য জায়গা থেকে রেশন দুর্নীতির নানা তথ্য মিলেছে বলে আদালতে দাবী করেছে ইডি।
ইডি সম্প্রতি আদালতে রেশন দুর্নীতির চার্জশিটও জমা করেছে। সেই চার্জশিটে যদিও কয়েকশো কোটি টাকার দুর্নীতির কথা বলা হয়েছে। কিন্তু ইডির দাবী, রেশনে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তদন্তকারী সংস্থার দাবী, গত এক দশক ধরে এই দুর্নীতি চলছে।
কী প্রতিক্রিয়া বিজেপির?
ইডির এমন দাবী সামনে আসতেই বিজেপির তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই বিষয়ে বলেন, “একা জ্যোতিপ্রিয় এই বিরাট বড় স্ক্যামটার সঙ্গে যুক্ত ছিল, একথাটা আমরা বিশ্বাস করতে পারছি না। এই চক্রের সঙ্গে পুরো তৃণমূলই জড়িত। আসলে দল এবং প্রধান মাথাদের বাঁচাতেই তদন্তকারীদের কাছে এমন কৌশলী মন্তব্য করেছেন”।





