রেশন দুর্নীতি নিয়ে বেশ তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবার রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে পড়ল ইডির হানা। রেশন দুর্নীতির তদন্ত করতেই এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।
জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রী সেই সময় বাড়িতেই ছিলেন। ইডি এই বিষয়ে তাঁর বয়ান রেকর্ড করতে চায়। খাদ্য দফতরের সঙ্গে চালকল মালিক বাকিবুর রহমানের কীভাবে যোগাযোগ হল, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেই বা তাঁর কী সম্পর্ক ছিল, তা জানতে চায় ইডি। কীভাবে মন্ত্রীর সঙ্গে চালকলের মালিকের যোগাযোগ হয়েছিল, তাও জানতে চান তদন্তকারীরা। এর পাশাপাশি মন্ত্রীর ব্যাঙ্ক লেনদেন ও সম্পত্তিও খতিয়ে দেখছে ইডি।
শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকই নয়, ইডি হানা দিয়েছে তাঁর আপ্ত সহায়কের নাগেরবাজারের তিনটি ফ্ল্যাটেও। স্থানীয় সূত্রের খবর, এই ফ্ল্যাটগুলি অনেকদিন ধরেই তালাবন্ধ হয়ে ছিল। এই ফ্ল্যাটের মালিকানা কার, কবে এই ফ্ল্যাটগুলি কেনা হয়েছিল, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে ইডি। তবে মন্ত্রীর আপ্ত সহায়ককে বাড়িতে পাওয়া যায়নি।
ইডির দাবী, রেশন বণ্টনে বিপুল দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতি কোনও রেশন ডিলারের পক্ষে একা করা সম্ভব নয়। এর পিছনে একটা বড় চক্র কাজ করছে। তৎকালীন খাদ্যমন্ত্রী কী এর সঙ্গে যুক্ত? তা জানার জন্যই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে এই তল্লাশি বলে ইডি সূত্রে খবর।
জানা গিয়েছে, আজ প্রায় দশটির মতো গোয়েন্দা দল অভিযানে বেরিয়েছে। বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতির বেশ কিছু তথ্য মিলেছে বলে দাবী ইডির। সেই তথ্যের ভিত্তিতেই এই হানা। সেই সময় যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন, সেই কারণে বাকিবুর রহমান গ্রেফতার হতেই তাঁর নামও এই রেশন দুর্নীতিতে জড়িয়েছে।






