ফের শুরু অ্যাকশন! পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাতসকালে মন্ত্রী সুজিত বসুর দুয়ারে ইডি, হানা বিধায়ক তাপস রায়ের ফ্ল্যাটেও

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশন মোড অন ইডির। আজ, শুক্রবার সাতসকালেই দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল ইডি। এর পাশাপাশি বরানগরের বিধায়ক তাপস রায়ের দুটি ঠিকানাতেও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে ফেলেছে।

অনেকদিন আগেই পুর নিয়োগ দুর্নীতির তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। অয়ন শীলকে গ্রেফতার করে নানান তথ্য মিলেছে। আর সেই তথ্যের উপর ভিত্তি করেই নানান জায়গায় তদন্ত চালাচ্ছে ইডি।

আজ, শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাদ সুজিত বসুর লেকটাউনের বাড়িতে পৌঁছয় ইডি। প্রায় ২০ মিনিট গেটের বাইরে অপেক্ষা করেন আধিকারিকরা। এরপর তাদের ঢুকতে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে তাঁর বাড়ি। লেকটাউন থানার পুলিশও রয়েছে সেখানে। মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে খবর।

শুধুমাত্র সুজিত বসুই নয়, বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতেও এদিন হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধায়কের বরানগরের বাড়িতে তল্লাশি করছে ইডির একটি দল আর অন্য একটি দল পৌঁছে গিয়েছে বউবাজারের বাড়িতে। স্থানীয় পুলিশ রয়েছে সেখানে। বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আবার উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এদিন তল্লাশি চালাচ্ছে ইডি।

ইডির দাবী, উত্তর দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান থাকাকালীন নিতাই দত্ত সুজিত বসুর সহকারী হিসেবে কাজ করতেন। সুজিতের হাত ধরেই পুরসভার কাউন্সিলর হন নিতাই। সম্প্রতি নিতাইকে জেরা করেছিলেন ইডি আধিকারিকরা। সেই জেরাতেই নিতাই সুজিত বসুর নাম নেয় বলে খবর। সেই ভিত্তিতেই এদিন মন্ত্রীর বাড়ি অভিযান করে ইডি।

RELATED Articles