ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবারও চড়ছে উত্তাপ। দক্ষিণ কলকাতার নাকতলা এলাকা হঠাৎ করেই পরিণত হয়েছে চরম নিরাপত্তা বলয়ে। আজ সকাল থেকে এলাকায় অস্বাভাবিক পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর যাতায়াত, সব মিলিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল আর উদ্বেগ। কী ঘটছে, কেনই বা এত কড়া নিরাপত্তা এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নাকতলার বাড়ি। শুধু বাড়ির বাইরে নয়, গোটা এলাকা জুড়েই নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বাড়ির গেট থেকে শুরু করে আশপাশের রাস্তাতেও কড়া নজরদারি চালাতে দেখা যায় জওয়ানদের। সূত্রের খবর, সেই সময় তিনি বাড়ির ভিতরেই ছিলেন।
ফের নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে ইডি (Enforcement Directorate)। তদন্তকারীরা সরাসরি পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। SSC সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে নতুন তথ্যের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে। একইসঙ্গে, এই মামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজন মিডলম্যান প্রসন্ন রায়ের নিউটাউনের অফিসেও যায় ইডির আরেকটি দল।
ঘটনার পেছনে রয়েছে দীর্ঘ তদন্তের ইতিহাস। ২০২২ সালের ২৩ জুলাই এই একই মামলায় গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। প্রায় তিন বছর জেল হেফাজতে থাকার পর সম্প্রতি তিনি জামিনে বাইরে আসেন। তবে তদন্ত থেমে থাকেনি। সম্প্রতি ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠালেও তিনি হাজিরা দেননি বলে সূত্রের দাবি।
আরও পড়ুনঃ ‘ওর চুলটা ধরতে পারিনি, ক্যামেরার সামনেই আমরা যাচ্ছেতাই ভাবে…’, স্বস্তিকার সঙ্গে কাটানো অস্বস্তিকর পরিস্থিতি পাওলি’র! সহ অভিনেত্রীকে নিয়ে কি বললেন অভিনেত্রী?
এই পরিস্থিতিতেই বাড়িতে হানা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ভোটের মুখে ফের কি গ্রেফতার হতে পারেন প্রাক্তন মন্ত্রী? সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। যদিও ইডির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও নাকতলার এই হঠাৎ তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এখনও অনেকটাই বাকি, আর তার রেশ এখনও কাটেনি।





