Ssc protest : চাকরি নয়, চাই সম্মান! রিভিউ পিটিশনের রায় না আসা পর্যন্ত ফর্ম ফিলআপে অনীহা ‘যোগ্য’দের

চাকরি চলে যাওয়ার যন্ত্রণাটা সহজে ভুলে যাওয়া যায় না। যাঁরা একবার লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তাঁদের অনেকেই নিজেদের পরিচয় দেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থী হিসেবে। কিন্তু চাকরি চলে যাওয়ার পর থেকে রাস্তায় রাস্তায় আন্দোলন, পুলিশের বাধা, দিনের পর দিন নবান্নের সামনে ধর্না—এই যন্ত্রণা অনেকের জীবনকেই ওলটপালট করে দিয়েছে। এতকিছুর পর আবার কি সেই পুরনো লড়াই শুরু করতে হবে?

শুক্রবার, ৩০ মে সরকার তরফে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়ায় ফের উত্তাল রাজ্য। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বিজ্ঞপ্তি, তবুও যাঁরা একবার পরীক্ষায় পাশ করে ‘যোগ্যতা’ প্রমাণ করেছিলেন, তাঁদের কাছে এ এক যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে, তাঁরা কি আবার নতুন করে ফর্ম ফিলআপ করবেন? না কি অপেক্ষা করবেন রিভিউ পিটিশনের ফলাফলের? সাধারণ চাকরিপ্রার্থীদের মনেও তৈরি হয়েছে এক ধোঁয়াশার পরিবেশ।

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতেই সক্রিয় হয়ে ওঠেন ‘যোগ্য’ চাকরি হারানো শিক্ষকরা। শুক্রবার সকাল থেকেই তাঁদের পরিকল্পনা ছিল শিয়ালদহ থেকে নবান্নমুখী প্রতিবাদ মিছিল। যদিও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি, তবুও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে প্রতিবাদ চলতে থাকে। শিক্ষকদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার পরেও তাঁদের ওপর পুলিশি অত্যাচার চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্যজুড়ে ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন তাঁরা।

বিকেলবেলা বিকাশ ভবনের সামনে সাংবাদিক বৈঠকে ‘যোগ্য’ চাকরি হারানোদের তরফে মুখ খোলেন মেহবুব মণ্ডল। তিনি স্পষ্ট জানান, “আমরা এক পরীক্ষার জন্য দু’বার বসব না। আমরা যোগ্য প্রার্থী। নতুন করে পরীক্ষা দেওয়ার সময় নেই। অনেকেই মানসিক ও পারিবারিক চাপে আছেন। এই অবস্থায় আবার পরীক্ষা দেওয়াটা সম্মানের প্রশ্ন।” এর পাশাপাশি নতুন বিজ্ঞপ্তিতে যেভাবে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য বাড়তি নম্বরের কথা বলা হয়েছে, তাও খারিজ করেছেন তাঁরা। মেহবুবের দাবি, “এটা আমাদের জন্য আলাদা করে নয়, এটা সবার জন্য। সরকার এটাকে সমাধান বলে চালাতে পারবে না।”

আরও পড়ুনঃ WestBengal : ‘সিঁদুর’ ঘিরে চরম বিতর্ক, মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের পাল্টা জবাবে বিজেপি— মহিলা পুলিশদের কপালেই ছোঁয়ানো হল প্রতিবাদের রং!

সব জল্পনার অবসান ঘটিয়ে ‘যোগ্য’ চাকরি হারানোরা জানিয়ে দিয়েছেন, তাঁরা এখনই কোনও ফর্ম ফিলআপ করছেন না। রাজ্য সরকারের রিভিউ পিটিশনের শুনানি পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। তারপরই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। তাঁদের দাবি একটাই—নতুন করে পরীক্ষা নয়, বরং পূর্বের পরীক্ষার ভিত্তিতেই সম্মানের সঙ্গে তাঁদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক। রাজ্য সরকারের এই নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আগামী দিনে আরও তীব্র হতে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles