গত বছর জুলাই মাসের শেষের দিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট তল্লাশি করে ৫০ কোটির বেশি টাকা উদ্ধার করে ইডি। সেই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত চলছে। এরই মধ্যে আজ, শুক্রবার ইডি আদালতে দাবী করে যে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের যোগ রয়েছে।
কুন্তলের বাড়িতে টাকা মেলেনি, তাও কেন আর্থিক তছরুপের দায়ে তাঁকে গ্রেফতার করা হল, এই নিয়ে এদিন প্রশ্ন তোলেন কুন্তলের আইনজীবী। সেই প্রশ্নের জবাবে ইডি দাবী করে যে পার্থ-অর্পিতার সঙ্গে যোগ রয়েছে কুন্তলের।
মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবী করেছিলেন যে চাকরি দেওয়ার নামে ১৯ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ। সেই দাবীর পক্ষে প্রমাণ পেয়ে কুন্তলকে গ্রেফতার করে ইডি। এরপর জেরা করে কুন্তলের থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে এদিন আদালতকে জানায় ইডি।
সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জানিয়েছে যে চাকরি দেওয়ার নাম করে যে কুন্তল বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে, তার প্রমাণ মিলেছে। ইডি সূত্রে খবর, কুন্তল ১৩০ জনের থেকে ৮ লক্ষ টাকা নিয়েছেন। শুধু তাই নয়, ১২০০ জনের থেকে ২০ হাজার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইডি।
এদিন ইডি আদালতকে জানায় যে চাকরি দেওয়ার নাম করে ৩০ কোটি টাকা তুলেছে কুন্তল। এরপরই ইডির দাবী, বেআইনিভাবে চাকরি দেওয়ার সঙ্গে কুন্তলের সরাসরি যোগ রয়েছে। টাকা তুলে তা অন্য কোথাও পাঠানো হয়েছে। পার্থ ও অন্যান্য প্রভাবশালীদের কাছে কুন্তল ও সহযোগীদের মাধ্যমে টাকা গিয়েছে বলে দাবী ইডির।
আজ, শুক্রবার আদালতে কুন্তলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবী করে ইডি। সম্প্রতি, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা কুন্তলের বাড়ি থেকে ৩০টি ওএমআর শিট (উত্তরপত্র) বাজেয়াপ্ত করেন। আশ্চর্যের বিষয়, সেই ওএমআর শিটগুলি ছিল গত ১১ ডিসেম্বর নেওয়া টেট পরীক্ষার। কীভাবে সেইসব ওএমআর শিট কুন্তলের বাড়িতে গেল, তা নিয়ে ওঠে প্রশ্ন। আজ আদালতে ইডি দাবী করে যে কুন্তলের বাড়ি থেকে উদ্ধার হওয়া ওএমআর শিটের সংখ্যা ৩০ নয়, বরং ২৫০।
এদিন কুন্তল দাবী করেন যে আরটিআই করে এই বাজেয়াপ্ত করা ওএমআর শিটগুলি মিলেছে। কিন্তু আরটিআই করার কী প্রয়োজন পড়ল, তার কোনও সদুত্তর দিতে পারেন নি কুন্তল। এদিন তৃণমূল নেতার আইনজীবী প্রশ্ন করেন যে তাপস মণ্ডলকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এদিন কুন্তলকে যখন আদালতে তোলা হয়, সেই সময় তিনি দাবী করেন যে তাপসের সঙ্গে বিজেপিরযোগ রয়েছে। এদিকে, আগামী ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত কুন্তলকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।





