আজ নবান্ন সভাঘরে সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছিল রাজ্য সরকার। প্রায় ৪ ঘন্টা ধরে এই বৈঠক চলে। বৈঠক শেষে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘সবাই মন খুলে কথা বলেছে। ত্রাণ দিতে গেলে যে পুলিশি অত্যাচার চলছে সে বিষয় জানিয়েছি। এছাড়া আমফান নিয়েও কথা হয়েছে।’
লকডাউনের শুরুতে একটি সর্বদল বৈঠকের আয়োজন করেছিল রাজ্য। তারপর কেটে গেছে তিনমাস। আজ ২৪শে জুন ফের লকডাউন নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। এই তিনমাসে বিরোধীদের তরফে জমা হয়েছে অনেক অভিযোগ। কখনো ত্রাণ বিতরণে বাধা, কখনো রেশন দুর্নীতি, আজ সব কিছু নিয়েই আলোচনার হয়। আজ এই বৈঠকে বিজেপির তরফে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বৈঠক শেষে সংবাদমাধ্যমের কাছে তিনি বৈঠকের বিষয় নিজের মন্তব্য রাখেন।
তিনি বলেন, ‘৪ ঘন্টার মিটিং হয়েছে। সবাই মন খুলে কথা বলেছেন। আমি এর আগে মাননীয়াকে যে দুটি চিঠি লিখেছিলাম সে বিষয়ও বলেছি। এর পাশাপাশি আমাদের ওপর যে পুলিশি অত্যাচার হচ্ছে, ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে, লোকের সেবা করতে দেওয়া হচ্ছে না সে বিষয়েও বলেছি।’ তিনি আমফান নিয়ে বলেন, ‘ আমফান নিয়েও আলোচনা হয়েছে। তবে জাতীয় বিপর্যয় বলে কিছু হয় না। বিপর্যয় বিপর্যয়ই হয়। এই বিপর্যয়ের ক্ষয়ক্ষতির হিসেব করে কেন্দ্রীয় সরকারকে দেওয়া হলে তাঁরা সহযোগিতা করেন। সেটা ইতিমধ্যেই হয়েছে। রাজ্য সরকারকে কেন্দ্র সরকার সহযোগিতা করেছেন। এবার রাজ্য সরকারকে একটা স্ট্যান্ড বলতে হবে যেটার ওপর তারা সিদ্ধান্ত নেবে।’
মুখ্যমন্ত্রী কি আদৌ তাদের কথা রাখবেন? সে বিষয়ে দিলীপবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘আমরা নিজেদের সমস্যার কথা জানিয়েছি। তাতে উনি কোনো উত্তর দেন নি। এছাড়া বর্তমান পরিস্হিতির মোকাবিলায় সাজেশনও দিয়েছি। আগামীদিনে কাজের মধ্যেই দেখা যাবে উনি আমাদের কথা শুনেছেন কিনা।’





