বাংলার করোনা চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখতে শুক্রবার শহরে আইসিএমআরের প্রতিনিধি দল

রাজ্যের ২ করোনা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অব্যবস্থার। আর সেই বিস্তর অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার শহরে আসছেন আইসিএমআর-এর বিশেষজ্ঞ প্রতিনিধি দল।

রাজ্যে করোনা চিকিৎসা কেমন চলছে, মান কতটুকু উন্নত হয়েছে, কোথায় কী গলদ রয়ে গিয়েছে – এসব খতিয়ে দেখতেই আসছেন তাঁরা। শনি ও রবিবার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের পর সোমবার দিল্লি ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের বলে খবর।

সূত্র জানাচ্ছে, রাজ্যের দুটি করোনা হাসপাতালে বিস্তর অনিয়মের অভিযোগ পৌঁছেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রতিনিধিদের কাছে। প্রথমটি হল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং দ্বিতীয়টি উত্তর ২৪ পরগনার একটি বেসরকারি কোভিড হাসপাতাল। এই দুই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন রোগীরা। ইতিমধ্যে সাগর দত্ত হাসপাতালে করোনা চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই, এই অভিযোগ তুলে বিক্ষোভও দেখান। তাঁদের ঠিকমতো পিপিই কিট না দিয়েই করোনা রোগীর চিকিৎসায় বাধ্য করা হচ্ছে, অভিযোগ ছিল এমনই। সেই বিক্ষোভ সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। যার জেরে বদলি হয় সুপার। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বেসরকারি হাসপাতাল নিয়েও প্রায় একই রকমের অভিযোগ ওঠে।

এসব আইসিএমআরের কাছে পৌঁছনোর পর সিদ্ধান্ত নেওয়া হয়, পশ্চিমবঙ্গে তাঁদের বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধিদের পাঠানো হবে। তাঁরা দুটি হাসপাতালের পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখবেন। কোথায় কী সমস্যা, তা বের করে যত দ্রুত সম্ভব, সমাধানের পথ বাতলে দেবেন। করোনা আবহে এই নিয়ে তৃতীয়বার তাঁরা আসবেন এ রাজ্যে।

তবে তার আগে এই অবস্থায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও জেলার ওই বেসরকারি কোভিড হাসপাতালের পরিকাঠামো দেখতে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল যাচ্ছে। শয্যা সংখ্যা, রোগী, রোগীদের খাবার, ক্লিনিক্যাল প্রোটোকল ম্যানেজমেন্টের কাজকর্ম সমস্ত খতিয়ে দেখবে এই দলটি। শুক্রবার আইসিএমআরের প্রতিনিধি দল রাজ্যে আসার কথা। আর তার আগে রাজ‍্যের প্রতিনিধি দলের হাসপাতাল ভিজিট বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

RELATED Articles

Leave a Comment