পূর্ব মেদিনীপুর থেকে হদিশ মিলল ভুয়ো পুলিশকর্মীর। গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয় সেই যুবককে। অভিযুক্তের কাছ থেকে পুলিশের পোশাক ও নকল আইডি কার্ড উদ্ধার করেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের পুলিশ। ইটাবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় এই ভুয়ো পুলিশকর্মীকে।
পুলিশের সূত্র অনুযায়ী, ওই যুবক জানায় তার নাম রূপক কুমার মাইতি। বাড়ি পটাশপুর থানার দক্ষিণ সন্দলপুর গ্রামে। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার ওই যুবককে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। সেখানে বিচারক তাঁর জামিন নাকোচ করে তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই ওই যুবক এলাকায় নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দিচ্ছিলেন। নানান পুলিশ ক্যাম্পে গিয়ে অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে ছবিও তুলতেন তিনি। প্রমাণস্বরূপ ব্যবহার করতেন পুলিশের নকল আইডি কার্ড। এই খবর পুলিশের কাছে গেলেও কিছুতেই ধরা যাচ্ছিল না ওই যুবককে।
এরপর গত বৃহস্পতিবার ইটাবেড়িয়া বাজারে পুলিশের পোশাক পরে ঘুরতে দেখা যায় ওই যুবককে। এই দেখে সন্দেহ জাগে অন্য পুলিশের। আটক করা হয় যুবককে। থানায় নিয়ে যাওয়া হলে ওই যুবক নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দেন ও নিজের আইডি কার্ডও দেখান। তা দেখে বেশ ধন্ধে পড়ে যান ভূপতিনগর থানার পুলিশ।
তবে সেই যুবককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্যি। জানা যায় যে সে আসলে আসল পুলিশকর্মী নয়। পুলিশের পোশাক পরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল সে। এরপরই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কেন ওই যুবক ভুয়ো পুলিশ সেজে এলাকায় ঘুরে বেড়াত? পুলিশ সেজে ভয় দেখিয়ে কী সে তাহলে টাকা তুলত মানুষের থেকে? নাকি অন্য কোনও বড় কারণ রয়েছে? এ নিয়ে তদন্ত শুরু করেছে ভূপতিনগরের পুলিশ।
এই ঘটনায় কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, “ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে”। তবে তদন্তের কারণে বেশি কিছু বলতে চান নি তিনি।





