‘মাটিতে পুঁতে দেব…’, শাহ্‌’র উপস্থিতিতেই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, মিঠুনের বিরুদ্ধে থানায় দায়ের এফআইআর

সম্প্রতি বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীও। সেই অনুষ্ঠানে তিনি সম্পূর্ণ রাজনৈতিক নেতা হিসেবেই বক্তব্য রেখেছিলেন। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর।  

গত ২৭ অক্টোবর কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সদস্য সংখ্যা বৃদ্ধির উদ্দেশে বিজেপির তরফে চালু হয়েছে সদস্য সংগ্রহ কর্মসূচি। বাংলায় সেই কর্মসূচির উদ্বোধনে এসেছিলেন শাহ। সল্টলেকে বিজেপির মূল দফতরে ছিল সেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীও। সেখান থেকেই রাজনৈতিক নেতা হিসেবে কার্যত হুঁশিয়ারি দেন তিনি।   

মিঠুন বলেছিলেন, “আজ অভিনেতা হিসেবে নয়, আমি সেই ষাটের দশকের মিঠুন চক্রবর্তী বলছি। আমি রক্তের রাজনীতি করেছি। তাই রাজনীতির মারপ্যাঁচ আমার কাছে নতুন নয়। জানি, কোন পদক্ষেপে কোন কাজ হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনেই বলছি, এর জন্য যা দরকার, সব করব। কুছ ভি, মানে কুছ ভি…। আর এই কথাটার একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে”।

সেদিন তৃণমূলকে শানিয়ে তিনি বলেছিলেন, “এখানকার এক নেতা বলেছিলেন, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন, বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব”।

আরও পড়ুনঃ সিআইডি-র তলব, নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং, ‘রক্ষাকবচের’ আর্জি

অভিযোগ, মিঠুন এই মন্তব্য নাকি বেশ উস্কানিমূলক। সেই অভিযোগ নিয়েই কলকাতা পুলিশের দ্বারস্থ হন এক জনৈক ব্যক্তি। বউবাজার থানায় এফআইআর দায়ের করা হয়েছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। অনেকেরই মতে, সিনেমার মতোই রাজনীতির ময়দানেও বারবার এমন গরমাগরম সংলাপ দিয়ে বিতর্কে জড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী।

আরও অন্যান্য খবর