এক সপ্তাহ ধরে নর্দমায় আটকে ৭ কুকুরছানা, উদ্ধার করার জন্য ডাক পড়ল দমকলের

রাস্তার পাশে সিমেন্টের স্ল্যাব দিয়ে ঢাকা বড় ড্রেন। সেই স্ল্যাবের ফাক দিয়েই ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল ৭টি কুকুরছানা। অবশেষে ৭ দিন পর কুকুরছানাগুলিকে ড্রেন থেকে বের করে আনলেন দমকল কর্মীরা।

জানা গিয়েছে, বর্ধমানের কাটোয়া শহরে জয়দেব প্রামাণিকের একটি সেলুন রয়েছে। তিনি এলাকায় কুকুরপ্রেমী বলে পরিচিত। দোকানের কাজ সামলেও এলাকার সব কুকুরদের দেখাশোনা করেন তিনি। সাইকেল নিয়ে নিয়ে ঘুরে কুকুরদের খাবার খাওয়ান।

জয়দেববাবু জানান, কিছুদিন আগেই এলাকার একটি পথকুকুর সাতটি ছানা জন্ম দেয়। এলাকায় ঘোরাফেরা করছিল কুকুরছানাগুলি। কিন্তু আচমকাই রাস্তার পাশে সিমেন্টের স্ল্যাব দেওয়া নর্দমায় পড়ে যায় তারা। সিমেন্টের স্ল্যাবে ঢাকা থাকায় অনেক চেষ্টা করেও নর্দমা থেকে কুকুরছানাগুলিকে উদ্ধার করতে পারেননি জয়দেববাবু।

ওই কুকুর ছানাগুলিকে উদ্ধার করার জন্য নানা জায়গায় বলেছেন তিনি। কিন্তু কেউই সাহায্য করতে আসেননি বলে জানান জয়দেববাবু। কুকুর ছানাগুলিকে নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে একজনের সহযোগিতায় দমকলকে খবর দেন জয়দেববাবু। কাটোয়ার দমকলবাহিনী আসে কুকুরছানাগুলিকে উদ্ধার করতে।

দমকলকর্মীরা জানান, নর্দমায় সাতটি কুকুরছানা পড়ে গয়েছিল। সেগুলিকে উদ্ধারের জন্য ফোন এসেছিল তাদের কাছে। তারা খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় যান। সেখানে গিয়ে সিমেন্টের স্ল্যাব অল্প করে ভেঙে ওই কুকুরছানাগুলিকে উদ্ধার করেন তারা। সুস্থ অবস্থাতেই কুকুরছানাগুলিকে ড্রেন থেকে তুলে এনেছেন তারা। জয়দেব প্রামাণিকের হাতেই তুলে দেওয়া হয় কুকুরছানাগুলিকে।  

আরও অন্যান্য খবর