‘নওশাদ আমার ভাই, বড় আদরের, যা হয়েছে সেটা পুলিশ করেছে’, ফুরফুরা শরিফে বসে মন্তব্য ফিরহাদের

৪২ দিন জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawshad Siddiqi)। এই গ্রেফতারি নিয়ে বারবার রাজ্যের শাসক দলের দিকে আঙুল তোলা হয়েছে। নওশাদ সিদ্দিকির দাদা তথা পীরজাদা আব্বাস সিদ্দিকিও (Abbas Siddiqi) শাসক দলকে এই নিয়ে আক্রমণ করতে ছাড়েন নি। এবার নওশাদ সিদ্দিকিকে নিজের ‘ভাই’ বলে সম্বোধন করলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

গতকাল, বুধবার ফুরফুরা শরিফে যান ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে তিনি বলেন, “নওশাদ সম্মানীয় ব্যক্তি, নওশাদ আমার ভাই। আমরা আবু বক্কর সিদ্দিকীর মরিদ (ভক্ত), তাঁর জন্যই লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। তাঁর যাঁরা বংশধর সবাই আমাদের কাছে আদরের”। তিনি এও জানান যে ফুরফুরার উন্নয়নের জন্য নওশাদের সঙ্গেও কথা বলবেন।

ফিরহাদ আরও বলেন যে ত্বহা সিদ্দিকির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। নওশাদের গ্রেফতারির পর আব্বাস সিদ্দিকি বলেছিলেন যে শাসক দলের কোনও নেতা যদি ফুরফুরায় যান, তাহলে তাদের রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। বুধবার ফুরফুরায় যান ফিরহাদ হাকিম ও তপন দাশগুপ্ত।

আব্বাসের এই মন্তব্য প্রসঙ্গে ফিরহাদ বলেন, “যেটা হয়ে গিয়েছে, সেটা হয়ে গিয়েছে। এটা তো পুলিশ করেছে, আমরা করিনি। বাকিটা ওঁর ব্যাপার। আমরা সবাই দাদা হুজুরের মুরিদ। ওঁদের উচিত যাঁরা দাদা হুজুরের মাজারে যাঁরা যাবেন, তাঁদের আলিঙ্গন করা। আমি তো সবাইকে সম্মান করি”।

ফুরফুরা শরিফের উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন ফিরহাদ হাকিম। নতুন চেয়ারম্যান হয়েছেন বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন ফুরফুরায় গিয়ে তিনি বলেন, “ব্যক্তিগত কারও ক্ষোভ থাকতে পারে। কিন্তু যখন উন্নয়ন হবে, তখন কারও ক্ষোভ থাকে না। আর যাঁরা নিন্দা করার তাঁরা করবে, তাতে কিছু যায় আসে না। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করব। যেটা ববি হাকিম শুরু করেছেন, তাঁর বাকি কাজ আমি শেষ করব”।

RELATED Articles