‘আমাকে ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দিন, কিন্তু সম্মানহানি করবেন না’, সুকান্তকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফিরহাদ

একের পর এক শাসক দলের নেতার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এই নিয়ে বিরোধিতা তোপ দেগেই চলেছে। এরই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন যে ফিরহাদ হাকিমও এরপরও জেলে যাবেন। এবার এই নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে ফিরহাদ বলেন, “জেলে যেতে ভয় পাই না। আপনি নিজে আমাকে ধরে নিয়ে যান জেলে। কিন্তু সম্মানহানি করবেন না”।

আজ, শুক্রবার বিধানসভার সামনে একটি সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সুকান্ত মজুমদারের তাঁর জেলে যাওয়ার মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, “কোন মামলায় ফাঁসাবেন আমায়? আসুন আপনি আপনার এজেন্সিকে নিয়ে। আমাকে নিয়ে গিয়ে জেলে ঢোকান। ভয় নেই। কিন্তু সামাজিক সম্মানহানি করবেন না। আমরা রাজনীতি করি মানুষের কাজের জন্য। আমাদের আত্মসম্মান আছে। এসবের জন্য আমার ব্যক্তিগত অনেক ক্ষতি হয়েছে”।

শুধু তাই-ই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়েও এদিন তোপ দাগেন ফিরহাদ। বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপনারা এসব করছেন। তৃণমূলে থাকলেই সবাই চোর আর অন্য দলে থাকলে সাধু? সুকান্তবাবুদের দলে গিয়ে ওয়াশিং মেশিনে ঢুকলেই সবাই সাধু হয়ে যায়। বিজেপিতে কি সবাই সাধু? তাদের কারও বিরুদ্ধে কোনও তদন্ত হয় না কেন? শুধু অবিজেপি নেতাদের ধরে ধরে মামলা দেওয়া কেন”?

এরপরই সুকান্তকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ফিরহাদ বলেন, “আমি আদালতের নির্দেশে জেলে ছিলাম, হাসপাতালে ভর্তি হয়ে থাকিনি। তাই জেলের ভয় দেখাবেন না”।

এখানেই শেষ নয়। এদিন সংবাদমাধ্যমের একাংশকে শানিয়েও ফিরহাদ হাকিম বলেন, “ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়াল কেন? কোনও কোনও মিডিয়া আছে, যারা নিজের মতো করে দেখান যে আমাকে নোটিস পাঠানো হয়েছে, আমার বাড়িতে রেড চলছে। এসব কী”।

RELATED Articles