বেআইনি শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে শোরগোলের অন্ত নেই। এই বেআইনি নিয়োগ মামলায় আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। এবার এই বেআইনি নিয়োগের জেরে গ্রেফতার হাইস্কুলের প্রধান শিক্ষক ও প্রাক্তন ডিআই।
বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় ধরপাকড় সিআইডি-র। আধিকারিকদের জালে তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই (মাধ্যমিক) চাপেশ্বর সর্দার। তাদের গতকাল, বুধবার গ্রেফতার করে সিআইডি। হাইকোর্টের নির্দেশেই পূর্ব মেদিনীপুরের বর্তমান ডিআই শুভাশিস মিত্র অভিযোগ দায়ের করেছিলেন তমলুক থানায়। তাতেই নাম ছিল ওই প্রধান শিক্ষক ও প্রাক্তন ডিআই-য়ের
জানা গিয়েছে, ২০১৭ সালে স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাঁটুয়া নিজের ভাইপো শুভেন্দু হাঁটুয়াকে নিয়ম বহির্ভূতভাবে নিজের স্কুলে নিয়োগ করে। সেই বেআইনি নিয়োগের ঘটনাতেই এদিন স্কুলের প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেফতার করে সিআইডি। আজ, বৃহস্পতিবার তাদের তমলুক জেলা আদালতে পেশ করা হয়। আদালতে সিআইডি আবেদন জানায় যাতে ধৃতদের ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতের নেওয়া যায়।
এই ঘটনায় প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়ার বন্ধু তপন শাসমল বলেন, “আমাদের তো এ বিষয়ে কিছু বলার নেই। আইন যেভাবে চলছে, সেভাবে চলবে। আইনের ওপর কেউ নয়”।
প্রধান শিক্ষকের ওই বন্ধুর কথায়, ২০১৭ সালে দু’জনকে নিয়োগ করা হয়েছিল। ২০১৮ সালে তৎকালীন ডিআই তাতে সম্মতি দিয়েছিলেন। এরপরই কাজ শুরু করেন ওই দুই শিক্ষক। তবে ডিআই বদল হতেই নতুন ডিআই সেই সম্মতি নিয়ে প্রশ্ন তোলেন।
জানা যায়, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে এই মামলা যুক্ত হয়ে গিয়েছিল। প্রধান শিক্ষকের বন্ধুর কথায়, যার বিরুদ্ধে নিয়োগের অভিযোগ, তিনি আসলে প্রধান শিক্ষকের ভাইপো নন। তাদের পদবী এক হওয়ায় অনেকেই তাদের কাকা-ভাইপো মনে করেন।





