যোগদান করার ২৪ ঘণ্টারও কম সময় বিজেপি ছেড়ে ছিলেন বাংলার জাতীয় ফুটবলার মেহতাব হোসেন। আর এবার গেরুয়া শিবিরে বছর খানেকও না কাটিয়ে ফের তৃণমূলে ফিরলেন দক্ষিণ দিনাজপুরের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব মিত্র।
অর্পিতা ঘোষ জেলা সভাপতির পদ থেকে সরতেই তৃণমূলে প্রত্যাবর্তন ঘটল তাঁর। দীর্ঘদিন জেলা তৃণমূল সভাপতি ছিলেন তিনি। গত বছর লোকসভা নির্বাচনের পর শিবির বদলান বিপ্লববাবু। তবে পোড় খাওয়া বিপ্লববাবুর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছিল। বৃহস্পতিবার তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেল দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তখনই স্পষ্ট হয়ে যায় তাঁর পুরনো দলে ফেরা এখন তার জন্য শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পার্থ বাবু।
২০১৯-এর ভোটে বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে হার মানেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের। অভিযোগ ওঠে, অন্তর্ঘাতেই অর্পিতাকে হারিয়েছেন বিপ্লব। এর পরই তৃণমূল ছাড়েন তিনি। মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেন তিনি।
বিপ্লববাবুর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, বিজেপিতে ঠিক পোষাচ্ছিল না বিপ্লববাবুর। পাচ্ছিলেন না গেরুয়া শিবিরে তেমন বিশেষ গুরুত্ব। ফলে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ দানা বাঁধছিল তাঁর মনে। গত সপ্তাহে তৃণমূলের সাংগঠনিক রদবদলের সময় অর্পিতাকে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতির পদ থেকে অপসারণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই প্রাক্তন দলে ফের ফেরার পথ মসৃণ হয় বিপ্লবের। তবে এই মুহূর্তে দলে ফিরে তিনি যে কতটুকু কি করতে পারবেন তা সময়ই বলবে।





