সামনেই লোকসভা নির্বাচন। এর আগে রাজ্যে ফের শুরু হয়েছে বোমাতঙ্ক। সাতসকালে রেললাইনের উপর মিলল তাজা বোমা। সেই লাইনের পাশ দিয়েই চলে গেল ট্রেন। অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেও এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
কোথায় ঘটেছে এমন ঘটেছে?
ঘটনাটি ঘটেছে কাঁকিনাড়া রেললাইনের মাঝে। জানা গিয়েছে, কাঁকিনাড়া স্টেশনের সামনে দুই নম্বর লাইনের মাঝে উদ্ধার এই তাজা বোমা। রেললাইনে ওই বোমা পড়ে থাকতে দেখেন রেল পাড়ের বাসিন্দারা।
এই বোমা দেখেই ছড়ায় আতঙ্ক। তড়িঘড়ি তারা খবর দেন রেল কর্মীদের। কিন্তু ততক্ষণে ওই লাইনের পাশ দিয়েই চলে যায় একটি লোকাল ট্রেন। এর জেরে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন সকলে। রেল কর্মীরা খবর পাওয়া মাত্রই খবর দেন স্টেশন অফিসে। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে হয়।
জিআরপি ও আরপিএফ ঘটনাস্থলে যায়। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। রেলের এক কর্তার কথায়, “২ নম্বর লাইনের ওপর বোমাটি রাখা ছিল। সৌভাগ্যবশত বোমাটি ফাটেনি, না হলে কী হত কে জানে”। জানা গিয়েছে, দু নম্বর লাইনের ট্রেনগুলি চার নম্বর লাইন দিয়ে পাশ করানো হয়।
কে বা কারা এই বোমা রেললাইনের উপর ফেলে রেখে গেল, তা এখনও জানা যায়নি। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভাটপাড়া, কাঁকিনাড়া থেকে এমনিতেই মাঝেমধ্যে বোমা উদ্ধার হওয়া বা বোমাবাজির খবর মেলে। তবে রেললাইনে বোমা উদ্ধার, এমন ঘটনা সেভাবে শোনা যায়নি আগে। তদন্তকারীদের অনুমান, রেললাইনের পাশে বসেই বোমা বাঁধার কাজ চলছিল। সেই কারণে বোমা পড়ে ছিল লাইনের উপর।






