সবকিছু ঠিকঠাকই চলছিল। ইচ্ছাপত্রের কাজও শুরু হয়ে গিয়েছিল। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বাংলায় প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন তৈরির কাজ শুরু করে দিত আদানি প্রাইভেট লিমিটেড। কিন্তু তা বাতিল হল। নিজেদের দেওয়া ইচ্ছাপত্র বাতিল করল আদানি গোষ্ঠী।
বাংলায় এই গ্যাস পাইপলাইন তৈরির জন্য আদানি টোটাল প্রাইভেট লিমিটেড সুদূরপ্রসারী পরিকল্পনা করেছিল। স্থির হয়েছিল রাজ্যের হলদিয়া থেকে শুরু করে বসিরহাট পানিতার পর্যন্ত তৈরি হবে এই গ্যাস পাইপলাইন। জেলা হিসেবে দেখতে গেলে, মেদিনীপুর থেকে শুরু করে উত্তর ২৪ পরগণা পর্যন্ত বিস্তৃত হত এই গ্যাস পাইপলাইন।
এই পাইপলাইন যেহেতু বসিরহাট জেলার উপর দিয়ে যাওয়ার কথা ছিল, তাই এটি বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি হত। তাই এই উদ্যোগের সঙ্গে যারা যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশ পাওয়ার গ্রিডের সঙ্গে এই বিষয়টিকে যুক্ত করার। এই পাইপলাইন তৈরির মূল উদ্দেশ্য ছিল কলকাতা থেকে দমদমের মতো জনবসতিপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ করার।
কিন্তু কেন বাতিল হল এই পরিকল্পনা?
জানা যাচ্ছে, আদানি গোষ্ঠীর এই পরিকল্পনা বাতিল হয়েছে হীরানন্দানি গোষ্ঠীর আপত্তিতে। আদানি টোটাল প্রাইভেট লিমিটেডের এই প্রোজেক্টে আপত্তি জানানো হয়েছে হীরানন্দানি গোষ্ঠীর তরফে।
এবার প্রশ্ন কেন এই আপত্তি?
জানা যাচ্ছে, হীরানান্দানি গোষ্ঠী বর্তমানে কানাইচট্ট থেকে শ্রীরামপুর পর্যন্ত একটি গ্যাস পাইপলাইনের পরিকল্পনা করছে। সেই কাজও শুরু হয়ে গিয়েছে। এখন আদানিদের ওই পাইপলাইনের কাজ শুরু হলে তা সরাসরিভাবে হীরানান্দানি গোষ্ঠীর অন্তর্গত H-Energy-র কাজের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি করতে পারে। সেই কারণেই আদানি টোটাল প্রাইভেট লিমিটেডকে ওই প্রকল্প বাতিল করতে হল।





