সামনেই লোকসভা নির্বাচন। আজ, শনিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। এরপরই আরও বেশি শুরু হবে নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যেই নানান রাজনৈতিক দলগুলিই ভোটের জন্য প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে। এবার ভোটের আবহে কড়া মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
এর আগে নানান নির্বাচনে রাজ্যে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে। বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত ভোট সব জায়গাতেই ঘটেছে নানান অঘটন। ভোট হিংসা থেকে শুরু করে মারামারি, খু’ন, রক্ত সব দেখেছে বঙ্গের মানুষ। ভোট হিংসার জেরে ঘরছাড়া হয়েছেন একাধিক মানুষ।
একুশের বিধানসভা ভোটের পরবর্তী হিংসা গোটা রাজ্যকে নাড়িয়ে দেয়। মৃত্যু হয়েছিল একের পর এক বিজেপি কর্মী-সমর্থকদের। ঘরছাড়া হন শ’য়ে শ’য়ে বিজেপি কর্মীরা। এমন অনেকেই আছেন, যারা হয়ত এখনও ঘরে ফিরতেই পারেননি। সেই ঘটনার পুনরাবৃত্তি একেবারেই চান না রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার এই নিয়ে কড়া বার্তা দিলেন তিনি।
রাজ্যপালের কথায়, “রক্ত দিয়ে রাজনৈতিক হোলি আর খেলতে দেওয়া যাবে না রাজ্যে। ভোটের প্রথম দিন থেকে ভোর ৬টা থেকে রাস্তায় থাকব। হিংসা ও দুর্নীতি রোখাই আমার প্রাথমিক লক্ষ্য”।
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের পর যে হিংসা দেখেছিল রাজ্য, তা নিয়ে সরব হয়েছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই নিয়ে রাজ্যের সঙ্গে চূড়ান্ত মতবিরোধ বাঁধে তাঁর। এমনকি, পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে বর্তমান রাজ্যপালের সঙ্গে সংঘাত হয় রাজ্যের। ভোট হিংসার ছবি এখনও মুছে যায়নি বঙ্গবাসীর মন থেকে। রাজ্যপালের কথায় আদতে ভোট হিংসা রোখা যায় কী না, এখন সেটাই দেখার।





